Published : 29 Jun 2026, 05:29 PM
এবারের বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া নবাগত দলগুলোর একটি কেইপ ভার্ড। স্পেন ও উরুগুয়ের মতো বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়দের রুখে দিয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। আফ্রিকার দলটির এবার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তাদের বিস্ময়যাত্রা চলবে কিনা, সময়ই বলে দিবে। তবে, কেইপ ভার্ডকে নিয়ে মুগ্ধতার শেষ নেই মার্কো মাতেরাৎসির।
ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা এই সাবেক ডিফেন্ডার অবশ্য, মায়ামির ম্যাচে স্বাভাবিকভাবে এগিয়ে রাখলেন আর্জেন্টিনাকে। তবে, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটাও কেইপ ভার্ডের জন্য বড় প্রাপ্তি, মানছেন মাতেরাৎসি।
“এ মুহূর্তে সবচেয়ে বড় বিস্ময় কেইপ ভার্ড। এখন তাদের খেলতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তো আমরা দেখব, কী হয়।”
“আমরা এখন মায়ামিতে এবং ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেইপ ভার্ড এ ম্যাচে আন্ডারডগ। কিন্তু, ৯০ মিনিটের ফুটবলে আপনি কখনও বলতে পারবেন না, কী হতে পারে।”
৩৯ বছর বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে আলো ছড়িয়ে চলছেন লিওনেল মেসি। চলতি আসরে এরই মধ্যে ছয় গোল করে, তিনি ছুটছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। এই মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হলেন ইতালির এই সাবেক ডিফেন্ডার।
“কেইপ ভার্ডের চেয়ে আর্জেন্টিনা অনেক ভালো দল এবং এ মুহূর্তে তাদের সঙ্গে আছে ইতিহাসের সেরা খেলোয়াড়।”
“যখন মেসি খেলে, আমি তাকে ভালোবাসি এবং এই ম্যাচ তাকে দেখতে মুখিয়ে আছি। ৩৯ বছর বয়সে খেলা সহজ নয় এবং সে এখনও সেরাদের একজন।”