Published : 30 Jun 2026, 07:39 PM
বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, লাঠি, অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, স্লোগান ও শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে।
এর আগে সোমবার সন্ধ্যায় জুনদহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ অন্তত নয়জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকাল ৪টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
অপরদিকে একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী।
ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, “মঙ্গলবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। এ কারণে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, চৌমাথা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন:
গাইবান্ধায় বিতণ্ডার জেরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯