২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিতণ্ডার জেরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 05:36 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম।

আহত আব্দুস সামাদ মণ্ডলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, বিএনপি নেতা শাহীন মিয়া, তাবিজ মিয়া, জবা ডাবলু, হাসান মনা, জাকির হোসেন এবং জামায়াত-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম। 

তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জুনদহ বাজারে আগের একটি বিরোধকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে ছাত্রশিবিরের কর্মী আল আমিনের কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। 

একপর্যায়ে উভয় পক্ষের আরও লোকজন ঘটনাস্থলে এল ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

বরিশাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আশরাফুল ইসলাম রায়হান অভিযোগ করেন, বিকালে পলাশবাড়ী যাওয়ার পথে জুনদহ বাজারে আল আমিনকে থামিয়ে বিএনপি নেতার দুই ভাগনে মারধর করেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার দাবি, তারা বাজারের একটি হোটেলে চা পান করছিলেন। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

ওসি সারোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।