Published : 15 Jun 2026, 04:52 PM
গোল করলেন আলেকসান্দার ইসাক, দুটিতে রাখলেন অবদান। জালের দেখা পেলেন ভিক্তর ইয়োকেরেশও। ইসাকের মতোই তিউনিসিয়ার রক্ষণে প্রায় সারাক্ষণ ভীতি ছড়ালেন তিনি। দুই তারকা স্ট্রাইকারসহ আক্রমণভাগের অন্য সবার কাছে এই খেলাটাই সামনের ম্যাচগুলোতেও দেখতে চাইলেন গ্রাহাম পটার। সুইডেন কোচ মনে করেন, এক সঙ্গে খেললে তারা হবেন প্রতিপক্ষের জন্য অনেক বড় হুমকি।
মন্তেরেই স্টেডিয়ামে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে ‘এফ’ গ্রুপের ম্যাচে ৫-১ গোলে জিতেছে সুইডেন।
গোল শুরু ও শেষ করেন ইয়াসিন আয়ারি। বদলি নেমে জালের দেখা পান মাতিয়াস স্ফনবার্জ। তবে তিউনিসিয়ার রক্ষণের জন্য মূল ভীতি ছিলেন ইসাক ও ইয়োকেরেশ। গোল করার পাশাপাশি অনেক সুযোগ তৈরি করেন তারা। সংবাদ সম্মেলনে পটার বললেন, আসরে তাদের কাছ থেকে এমন পারফরম্যান্সই দেখতে চান তিনি।
“এককভাবে অবশ্যই তারা শীর্ষ মানের খেলোয়াড়। তবে আমি মনে করি, এক সঙ্গে তারা হতে পারে বড় হুমকি। আমি মনে করি, যত খেলবে, তারা তত ভালো হয়ে উঠবে। তারা একে অন্যের দারুণ পরিপূরক।”
“আমি খেলোয়াড়দের ওপর খুব সন্তুষ্ট। আমরা জানি, আক্রমণভাগের খেলোয়াড়দের একক মান কেমন, তবে ওদের একটা দল হিসেবে খেলতে হবে। আমরা নিখুঁত নই, আমরা জানি, আমরা সেটা হতেও পারব না। তবে ম্যাচের শুরুতে, আমার মনে হয় আমাদের ভালো নিয়ন্ত্রণ ছিল।”
বিশ্বকাপ বাছাইয়ে একবারও তিউনিসিয়ার জালে যায়নি বল। সেই দলই টানা দুই ম্যাচে হজম করল পাঁচটি করে গোল। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তারা হেরেছিল ৫-০ গোলে।
তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সুইডেন। আগামী শনিবার হিউস্টনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। এখন পটারের মনোযোগ ওই ম্যাচে।
“আমরা জানি, শীর্ষ এক দলের মুখোমুখি হব আমরা। আর এর জন্য আমাদের তৈরি থাকতে হবে।”