Published : 24 Jun 2026, 06:48 PM
গ্রুপ চ্যাম্পিয়ন হলে ঘরের মাঠেই নকআউট পর্বের ম্যাচ খেলতে পারবে কানাডা। সেই সুযোগটা কিছুতেই হারাতে চান না দলটির কোচ জেসি মার্শ। সুইজারল্যান্ডকে হারিয়ে ওই লক্ষ্য পূরণ করতে চান তিনি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচ টরন্টোতে খেলেছে কানাডা। আর দ্বিতীয়টি ভ্যানকুভারে। বুধবার একই মাঠে শেষ গ্রুপ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে আপাতত শীর্ষে আছে কানাডা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড। এক পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে বসনিয়া ও হার্জেগোভিনা এবং কাতার।
গ্রুপ সেরা হতে সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়ালেই চলবে কানাডার। আর সেটা করতে পারলে এই ভ্যানকুভারেই শেষ বত্রিশের ম্যাচ খেলার সুযোগটি পাবে তারা। সঙ্গে নকআউট পর্বের প্রথম ধাপের আগে লম্বা একটা বিরতিও পাবে তারা।
‘বি’ গ্রুপে চ্যাম্পিয়নরা আগামী ৩ জুলাই বাংলাদেশ সময় সকালে খেলবে শেষ বত্রিশের ম্যাচ। আর এই গ্রুপের রানার্সআপদের মাঠে নামতে হবে আগামী রোববার।
সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্শ বলেন, নিজেদের লক্ষ্য পূরণ করতে পুরোপুরি প্রস্তুত তার দল
“এখানে, ভ্যানকুভারে থেকে যাওয়া এখন আমাদের প্রধান লক্ষ্য। আমি যখন এই কোচের দায়িত্ব নিই এবং টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে জানতে পারি, তখনই বলেছিলাম—আমাদের লক্ষ্য পরিষ্কার, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। দুই বছর আগে এই কথা শুনে সবাই আমাকে পাগল ভেবেছিল, তাই না? তখনকার পরিস্থিতি অনুযায়ী এটা অসম্ভব মনে হতেই পারত, কিন্তু আজ আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে আমি দলকে দেখতে চেয়েছিলাম।”
“যখন ড্র-তে আমাদের গ্রুপে সুইজারল্যান্ড পড়ল, আমরা ভেবেছিলাম—নিজেদের এমন এক অবস্থানে নিয়ে যাই যেন শেষ ম্যাচে ভ্যানকুভারে থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে আমরা লড়াই করতে পারি। আমরা এখন সেই সুযোগের সামনে দাঁড়িয়ে এবং এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”