Published : 09 Jul 2026, 02:31 PM
চোট গুরুতর নয়, তবে খেলার জন্য প্রস্তুত নন ইসমায়েল সাইবারি। তাই ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই ফরোয়ার্ডকে পাচ্ছে না মরক্কো, নিশ্চিত করেছেন দলটির কোচ মোহামেদ ওয়াহ্বি।
গত ৪ জুলাই কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২২ মিনিট খেলার পর পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন সাইবারি। ওই লড়াইয়ে ৩-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় মরক্কো।
শেষ আটে আফ্রিকার দলটির প্রতিপক্ষ ফ্রান্স। বস্টনে ১০ জুলাই বাংলাদেশ সময় ২টায় (এএম) মাঠের লড়াইয়ে নামবে দুই দল।
২৫ বছর বয়সী সাইবারির চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হতে গত কয়েকদিন ধরে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মরক্কো দল বস্টনে পৌঁছানোর পর গত সোমবার সাইবারির এমআরআই করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার মতো গুরুতর নয় চোট।
তবে পুরোপুরি সেরে না ওঠায়, এখনই সাইবারিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ মরক্কোর কোচ ওয়াহ্বি।
“সাইবারিকে ছাড়া সবাইকে পাওয়া যাবে। ম্যাচটি তার জন্য একটু তাড়াতাড়িই চলে এসেছে। তবে আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে সে ছিটকে যাবে না। সবাই খেলতে প্রস্তুত, তবে আমরা কেবল সেই খেলোয়াড়দের নেব যারা শতভাগ ফিট।”
এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জালের দেখা পান সাইবারি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে টাইব্রেকারে তার শটেই নিশ্চিত হয় মরক্কোর জয়।