Published : 12 Jun 2026, 03:27 AM
আলভারো ফিদালগোর বদলি হিসেবে ম্যাচের ৬৬তম মিনিটে মাঠে নামলেন গিলবের্তো মোরা। ১৭ বছর বয়সী এই ফুটবলারের নাম খোদায় হয়ে গেল ইতিহাসের পাতায়। বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন মোরা।
১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্ব মঞ্চে অভিষেক হলো তার। মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড দীর্ঘ ৯৬ বছর ধরে ছিল মানুয়েল রোসাসের। ১৯৩০ সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপে তিনি মাঠে নেমেছিলেন ১৮ বছর ৮৭ দিন বয়সে।
সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার মোরা। এই তালিকায় কিংবদন্তি পেলের পরই আছেন তিনি। ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের অভিষেক হয় মোরার চেয়ে পাঁচ দিন কম বয়সে, ১৭ বছর ২৩৫ দিন।
এই তালিকায় সবার ওপরে আছেন নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। পেলেকে ছাড়িয়েই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন তিনি ১৯৮২ সালে, ১৭ বছর ৪১ দিন বয়সে।
তালিকায় পরের তিনটি স্থানে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৯৯৮ সালে ১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (২০০২ সালে ১৭ বছর ১০১ দিন) ও কামেরুনের সালোমন ওলেম্বে (১৯৯৮ সালে ১৭ বছর ১৮৫ দিন)।
মোরার জন্য রেকর্ড গড়া অবশ্য নতুন কিছু নয়। ২০২৫ সালে মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার ১৬ বছর ২৫৭ দিন বয়সে।