Published : 14 Jul 2026, 11:44 AM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতলেও ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের সেমি-ফাইনালকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ মনে করছেন লামিন ইয়ামাল। মহারণের আগে তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড বলেছেন, কোনো ধরনের চাপ অনুভব করছেন না তিনি। বরং সবসময়ের মতো নিজেকে উজাড় করে দেওয়ার জন্য আছেন প্রস্তুত।
ডালাসে ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফাইনালে যাওয়ার সম্ভাবনা, ফ্রান্স দল, নিজের গোল খরাসহ নানা বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিলেন ইয়ামাল।
আসরে এখন পর্যন্ত কেবল একটি গোল করেছেন স্পেনের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র। দল কিংবা তিনি নিজে এটা নিয়ে একদমই ভাবছেন না। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, বিশ্বকাপে ইয়ামালের সেরাটা আসতে এখনও বাকি। নিজেকে মেলে ধরার এই চ্যালেঞ্জ নিচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
“গোল করা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। এই ধরনের ম্যাচে গোল করা সময়ই বিশেষ কিছু। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, সেকারণেই আমি এখানে।”
“প্রতিটা টুর্নামেন্টই আলাদা। আমি যে এখনও পাঁচ গোল করতে পারিনি এটা কোচের দোষ নয়। এটা খেলার অংশ আর এই ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে না। যখন ছোট ছিলাম, দেখতাম বিশ্বকাপ থেকে স্পেন বাদ যাচ্ছে। আমরা জয় পাচ্ছি, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আশাকারি, আগামীকাল গোল পাব।”
ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচকে কোথায় রাখবেন তিনি?
“চূড়ায়, সবার উপরে। আমার খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটা। কোনো সন্দেহ নেই।”
নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলছে স্পেন। ইয়ামাল মনে করেন, ২০১০ আসরের পুনরাবৃত্তি করার সামর্থ্য আছে তাদের।
“অবশ্যই পুনরাবৃত্তি সম্ভব। আমরা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবেই দেখি। ঠিক ২০১০ আসরের মতো। কেন নয়?”