Published : 14 Jun 2026, 07:18 PM
বল দখলের লড়াইয়ে আধিপত্য করে, অস্ট্রেলিয়ার রক্ষণে চাপ দিয়েও কাজের কাজ করতে পারেনি তুরস্ক। হার দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর পর, তাই তুরস্ক কোচ ভিনচেনজো মন্তেল্লা বললেন, এমন পরাজয়ে মর্মাহত, বিপর্যন্ত তার দল।
অবশ্য হাল ছাড়ছেন না মন্তেল্লা। ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট সময় হাতে আছে, মনে করেন তিনি। আগামী শনিবার প্যারাগুয়ের বিপক্ষে তুরস্ক খেলতে নামবে গ্রুপ পর্ব পেরুনোর আশা টিকিয়ে রাখতে।
‘ডি’ গ্রুপে চার দলের মধ্যে শুভসূচনা করেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। হারের তেতো স্বাদ পাওয়া তুরস্ক ও প্যারাগুয়ে পয়েন্টের খাতা পারেনি খুলতে।
২০০২ সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা তুরস্ক অবশ্য অস্ট্রেলিয়া ম্যাচে মেলে ধরে উজ্জীবিত ফুটবল। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় প্রয়োজনীয় গোল মেলেনি। প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দের কারণে সেট-পিস ও ক্রসেও সুবিধা করতে পারেনি তারা, ২-০ ব্যবধানের হার নিয়ে ছাড়ে মাঠ।
আসছে ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানালেও মন্তেল্লা ভুলতে পারছেন না, অস্ট্রেলিয়া ম্যাচের হতাশা।
“আমরা খুব মর্মাহত। অবশ্য আমরা জানি, গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানো যথেষ্ট সময় আমাদের আছে। আমরা জানি, (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আমাদের শুরুটা ছিল একটু ধীরগতির।”
“অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা খুব লম্বা। এ কারণে, কখনও কখনও আমাদের ভীষণ কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে।”