Published : 16 Jun 2026, 11:56 AM
গোল করাকে যেন মামুলি এক ব্যাপার বানিয়ে ফেলেছেন আর্লিং হলান্ড। অনেক আগেই ‘গোলমেশিন’ উপাধি পাওয়া এই স্ট্রাইকারের দিকে স্বপ্নভরা চোখে তাকিয়ে আছে নরওয়ে। দলটির কোচ স্তল সুলবাকেনের আশা, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও নিজেকে মেলে ধরতে পারবেন হলান্ড।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলার অপেক্ষায় প্রহর গুনছে নরওয়ে। বুধবার বাংলাদেশ সময় ভোরে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিযান শুরু করবে তারা।
১৯৯৮ সালের পর নরওয়েকে বিশ্বকাপে তোলার কারিগরদের একজন ২৫ বছর বয়সী হলান্ড। বাছাই পর্বে আট ম্যাচে ১৬ গোল করেন তিনি। ইউরোপের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে যা দ্বিগুণ।
ফর্মের তুঙ্গে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন হলান্ড। সঙ্গে দারুণ সতেজ অবস্থায়ও মাঠে নামবেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ দিকে ম্যানচেস্টার সিটি এবং বিশ্বকাপের আগে নরওয়ে দল তাকে কিছুটা বিশ্রাম দিয়েছে।
সংবাদ সম্মেলনে সোমবার সুলবাকেন বলেন, এখন তার অন্য খেলোয়াড়দের কাজ হচ্ছে হলান্ডকে গোল করার সুযোগ তৈরি করে দেওয়া।
“আশা করি, মাঠে সে অনেক বড় প্রভাব ফেলবে। তাকে একের পর এক সুযোগ দিতে পারব বলে প্রত্যাশা করছি। আপনি যদি আর্লিংকে সুযোগ তৈরি করে দিতে পারেন, তার গোল করার একটা প্রবণতা আছে।”
নরওয়ের হয়ে ৫৮ ম্যাচ খেলা সাবেক মিডফিল্ডার সুলবাকেন দলের অধিনায়ক মার্টিন ওদেগোরের প্রশংসাও করেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরও, বিশ্বকাপের বাছাইপর্বে দলের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন ওদেগোর।
সুলবাকেনের মতে, আর্সেনালের তারকা মিডফিল্ডারের অনুপস্থিতি দলের অন্যদের উন্নতিতে সাহায্য করেছে।
“এতে তার আশেপাশে খেলোয়াড়রা আরও পরিণত হয়েছে। ফলে তারা নিজেরাও আত্মবিশ্বাসী হয়ে উঠছে।”
তবে দলে কিছু নেতিবাচক খবরও রয়েছে। স্ট্রাইকার ইয়ুর্গেন স্ত্রাদ লারসেন জ্বরে ভুগছেন বলে নিশ্চিত করেছেন সুলবাকেন।
২১ ম্যাচের ম্যারাথন বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে ইরাক। দলটির সুসংগঠিত, আঁটসাঁট ফরমেশন ও ক্রস থেকে ভীতি ছড়ানোর দক্ষতার কথা বিশেষভাবে উল্লেখ করেন সুলবাকেন।
ইরাকের বর্তমান কোচ গ্রাহাম আর্নল্ড ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শেষ ষোলোতে তুলেছিলেন। প্রতিপক্ষ কোচের কথা আলাদা করে উল্লেখ করেন সুলবাকেন।
“আর অবশ্যই, অস্ট্রেলিয়ার হয়ে সাফল্যের কারণে তাদের কোচ এই ধরনের ম্যাচ সামলাতে খুবই অভ্যস্ত।”