২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের গণমাধ‍্যমে আনচেলত্তির সমালোচনা

মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ ও প্রথমার্ধের পারফরম‍্যান্সে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিল কোচ।

ব্রাজিলের গণমাধ‍্যমে আনচেলত্তির সমালোচনা
ডাগআউটে বসে দলের খেলা দেখছেন কার্লো আনচেলত্তি (মাঝে) ও তার কোচিং স্টাফের সদস্যরা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 11:27 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

উত্তর আমেরিকা আসরে মাত্র ৯০ মিনিট সময় কেটেছে ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এরই মধ‍্যে দেশটিতে বেজে উঠেছে বিপদসঙ্কেত! ভক্তরা বিরক্ত, বিশ্লেষকরা ভীষণ ক্ষুব্ধ এবং চাপে পড়ে গেছেন কোচ কার্লো আনচেলত্তি। 

নিউ জার্সিতে ১-১ ড্র দিয়ে আসর শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিউস জুনিয়রের নৈপুণ‍্যে হার এড়িয়ে এক পয়েন্ট পেয়েছে দেশটি। তবে সবাই যে ফুটবল প্রত‍্যাশা করে সেদিন ওই মানের ধারেকাছে যেতে পারেনি তারা। বিশেষ করে তাদের প্রথমার্ধের বিবর্ণ পারফরম‍্যান্সে ভক্তদের মনে জেগে উঠেছে শঙ্কা। 

সমালোচনার কেন্দ্রে আছেন রাইট ব‍্যাক ইবানেজ, মিডফিল্ডার লুকাস পাকেতা, স্ট্রাইকার ইগো চিয়াগো এবং ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। শুরুর একাদশ এবং খেলার কৌশলের জন‍্য সমালোচনার মুখে আছেন কোচ আনচেলত্তিও। 

ব্রাজিলিয়ান ওয়েবসাইট ইউওএলের কলামিস্ট পাওলো ভিনিসিউস কোয়েলিয়ো কঠোর সমালোনা করেছেন কাসেমিরোর। সাবেক রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে ‘পাহাড়ী সরু রাস্তায় পুরনো ট্রাকের মতো মন্থর’ হিসেবে বর্ণনা করেছেন কোয়েলিয়ো। মাথেউস কুইয়াকে বাইরে রেখে শুরুর একাদশে চিয়াগোকে খেলানোয় আনচেলত্তিরও সমালোচনা করেছেন তিনি।

ও এস্তাদো দে সাও পাওলো দৈনিকে মাওরো বেতিং বলেছেন, “ব্রাজিলের বাজে পারফরম‍্যান্সের পেছনে সিংহভাগ দায় আনচেলত্তির এই শুরুর একাদশের।”

ব‍্যান্ডনিউজ রেডিও স্টেশনের ফাবিও ফ্রাঙ্কা বলেছেন, “২০১৪ সালের সেমি-ফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে যাওয়া ম‍্যাচের পর বিশ্বকাপে এটাই ব্রাজিলের সবচেয়ে বাজে ৪৫ মিনিট।” 

ও গ্লোবোর কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুরের মনে হয়েছে ব্রাজিল বিচ্ছিন্ন ও অপ্রস্তুত।

“ব্রাজিলকে দেখে মনে হয়েছে তারা এমন দল, যারা খুব বেশি পরিশ্রম করেনি এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ‍্যে দিয়ে গেছে। তাদের রক্ষণ ছিল বাজে এবং তার অভিভূত ছিল।”

স্ট্রাইকার চিয়াগো ও বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার কড়া সমালোচনা করেন তিনি। 

ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো এখন বিশ্লেষক হিসেবে কাজ করছেন স্পোর টিভিতে। সেখানে সেলেসাও কোপা শোয়ে তিনি বলেন, ভুল খেলোয়াড়দের নামিয়েছিলেন ব্রাজিল কোচ।

“আনচেলত্তি ইতিহাসের সেরা কোচদের একজন। তিনি এমন ভুল করতে পারেন না। তিনি ভুল শুরুর একাদশ খেলিয়েছেন। ইবানেজের শুরুর একাদশে থাকা উচিত নয়।” 

ইএসপিএনের ভাষ‍্যকার উবিরাতান লেয়াল ব্রাজিলের এই শুরুর সঙ্গে গত আসরে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের তুলনা করেছেন। হার দিয়ে শুরুর পর যথাযথ পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি, ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। 

“আনচেলত্তির উচিত হবে স্কালোনির উদাহরণ অনুসরণ করা। বিশ্বকাপে আপনাকে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে।”

২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিততে চায় ব্রাজিল। দেশ থেকে নির্ভুল বার্তা পেয়েছেন খেলোয়াড়রা, মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে আনচেলত্তিকে। 

আগামী শুক্রবার হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল। ২৪ জুন ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম‍্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল‍্যান্ড।