০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শরতেই আসছে আইওএস ২৭ এর আরও তিন ফিচার

নতুন এ ক্যামেরা অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ঠিক কোন জায়গায় কোন ফাংশনটি দেখতে চান তা সম্পূর্ণ নিজের পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন।

শরতেই আসছে আইওএস ২৭ এর আরও তিন ফিচার
অ্যাপল কেন এসব আকর্ষণীয় ফিচার মূল ইভেন্টে তুলে ধরেনি তা স্পষ্ট নয়। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 03:23 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

এবারের ডব্লিউডব্লিউডিসি ২০২৬ ইভেন্টে আইওএস ২৭ এর যেসব আগাম ঝলক দেখানো হয়েছে তার বাইরে আরও তিনটি অপ্রকাশিত ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যান বলেছেন, অ্যাপল বর্তমানে সম্পূর্ণ নতুন ‘ওয়াচ ফেইস’, কাস্টমাইজএবল বা নিজের মতো সাজিয়ে নেওয়ার উপযোগী ক্যামেরা অ্যাপ ও সিরি’র ভেতরে থার্ড-পার্টি চ্যাটবট ব্যবহারের সুবিধা নিয়ে কাজ করছে।

অ্যাপল কেন এসব আকর্ষণীয় ফিচার মূল ইভেন্টে সবার সামনে তুলে ধরেনি তা এখনও গারম্যানের কাছে স্পষ্ট নয় বলে প্রদিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

তবে এর মধ্যে বেশ কিছু ফিচারের উপস্থিতি এরইমধ্যে নিশ্চিত হওয়া গেছে। কারণ ডেভলপারদের জন্য উন্মুক্ত করা আইওএস ২৭ এর বিটা সংস্করণে এসব ফিচারের অস্তিত্ব মিলেছে।

গারম্যান বলেছেন, এ বছরের শরতে নিজেদের নতুন সংস্করণের স্মার্টওয়াচগুলো বাজারে আনার সময় সম্ভবত নতুন ওয়াচ ফেইসটি উন্মোচন করবে অ্যাপল।

আগের গুঞ্জন থেকে জানা গিয়েছিল, নতুন এ ওয়াচ ফেইস অ্যাপল ওয়াচ আল্ট্রা’র এক্সক্লুসিভ ‘মডিউলার আল্ট্রা’ অপশনটির ওপর ভিত্তি করে তৈরি হতে পারে।

তবে অন্যান্য অ্যাপল ওয়াচের জন্য বিষয়টিকে কিছুটা সহজ ও পরিমার্জিত রূপ দেওয়া হবে।

গারম্যান ধারণা করছেন, নতুনভাবে সাজানো ক্যামেরা অ্যাপটি শরতে সম্ভাব্য ‘আইফোন ১৮ প্রো’ ঘোষণার সঙ্গে সঙ্গেই উন্মোচিত হবে।

এ কাস্টমাইজযোগ্য ক্যামেরা অ্যাপের ফিচারটি বর্তমানে আইওএস ২৭ এর ডেভলপার বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে না।

তবে এর আগে গারম্যান বলেছিলেন, নতুন এ ক্যামেরা অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ঠিক কোন জায়গায় কোন ফাংশনটি দেখতে চান তা সম্পূর্ণ নিজের পছন্দমতো নির্ধারণ ও সাজিয়ে নিতে পারবেন।

ডব্লিউডব্লিউডিসি ২০২৬ ইভেন্টে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকলেও অ্যাপল এখনও সিরি’র ভেতরে থার্ড-পার্টি চ্যাটবট যোগের ফিচার নিয়ে কাজ করে যাচ্ছে।

এ পরিকল্পনার মূল উদ্দেশ্য, সিরি ব্যবহারকারীরা যাতে এর ডিফল্ট অ্যাপল ইন্টেলিজেন্স থেকে সহজেই অন্য যে কোনো এআই মডেলে, যেমন চ্যাটজিপিটি, জেমিনাই বা ক্লড-এ পরিবর্তন বা সুইচ করতে পারেন।

বর্তমানে, আইওএস ২৭ এর ডেভলপার বিটা সংস্করণে কেবল সিরি থেকে চ্যাটজিপিটি’তে সুইচ করার সুবিধা রয়েছে। গারম্যান ভবিষ্যতে এ তালিকায় অপশনের সংখ্যা ‘আরও বাড়বে’।