১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নারী নিহত

শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পথে দুবাই প্রবাসীর মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানায় পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 03:28 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১০ যাত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন।

নিহত মমতাজ বেগম (৩৫) টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনির দুবাই প্রবাসী মো. লিটন সরকারের স্ত্রী।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মমতাজের ভাই মো. ফিরুজ বলেন, দুবাই প্রবাসী লিটন সরকার তার স্ত্রী মমতাজ, সন্তান তোহাদ, ফাতেমাসহ পরিবারের ১১ সদস্যকে নিয়ে মাইক্রোবাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। বিকাল ৫টার ফ্লাইটে লিটনের দুবাই যাওয়ার কথা ছিল।

পথে তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে মমতাজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকা ও মুন্সীগঞ্জে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ওসি আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। খাল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।