Published : 28 Jun 2026, 04:15 PM
বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা সঙ্গী হয়েছে উরুগুয়ের। খেলোয়াড়দের উপর দেশটির ফুটবল ফেডারেশনও যেন নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে। মুসলেরা-নুনেসদের জন্য আগে থেকে ঠিক করে রাখা ‘চার্টার্ড ফ্লাইট’ বাতিল করে দিয়েছে তারা।
বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই খবর ছেপেছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, উরুগুয়ে ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তের ফলে মার্সেলো বিয়েলসার দলকে মেক্সিকোর ক্যাম্প থেকে রাজধানী মন্তেভিদিওতে ফিরতে হবে বাণিজ্যিক ফ্লাইটে, অন্য সব যাত্রীদের সঙ্গে।
বিশ্বকাপের দুই শিরোপার সবশেষটি উরুগুয়ে জিতেছিল ১৯৫০ সালে। এবার বিয়েলসার হাত ধরে খরা কাটানোর আশা নিয়ে এসেছিল দলটি। কিন্তু সৌদি আরবের বিপক্ষে ১-১ ড্রয়ে ধাক্কা খায় প্রথম ম্যাচেই।
দ্বিতীয় ম্যাচেও তারা পারেনি ঘুরে দাঁড়াতে। জয়ের আশা জাগিয়ে, নবাগত কেইপ ভার্ডের সঙ্গে ২-২ ড্র করে উরুগুয়ে। তাতে, শঙ্কায় পড়ে যায় তাদের নকআউট পর্বে খেলা।
গ্রুপ পর্ব পেরুতে, নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে জয় উরুগুয়ের জন্য ছিল একমাত্র পথ। কিন্তু ১-০ গোলে হেরে যায় তারা, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ থেকে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।