Published : 27 Jun 2026, 09:32 PM
বিশ্বকাপের নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়েছে দুই দলেরই। এবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও কলম্বিয়া।
মায়ামি হার্ড রক স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায়।
১
আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও কলম্বিয়া।
৩
টাইব্রেকার বাদ দিলে, বিশ্বকাপে উয়েফা কনফেডারেশনের দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ তিন ম্যাচে অপরাজিত আছে কলম্বিয়া (২ জয়, ১ ড্র)।
পর্তুগালও বিশ্বকাপের গ্রুপ পর্বে কনমেবল দলগুলোর বিপক্ষে তাদের তিনটি ম্যাচে অপরাজিত আছে (২ জয়, ১ ড্র)।
বিশ্বকাপে পর্তুগালের মুখোমুখি হওয়া তৃতীয় দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষ হবে কলম্বিয়া। প্রথম দুটি ব্রাজিল ও উরুগুয়ে।
২
চলতি আসরে প্রথম দুই ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে ও ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি জয়ের হাতছানি দলটির সামনে।
এর আগে ২০১৪ সালে ব্রাজিল আসরে এই স্বাদ পেয়েছিল কলম্বিয়া। সেবার তারা কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত গিয়েছিল, বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য।
১৭
বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগাল তাদের সবশেষ ১৭ ম্যাচের কেবল দুটিতে হেরেছে (৯ জয়, ৬ ড্র)। ওই হার দুটি হলো ২০১৪ সালে প্রথম ম্যাচ ডে-তে জার্মানির বিপক্ষে ৪-০ গোলে ও ২০২২ সালে তৃতীয় ম্যাচ ডে-তে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে।
১০
এবারের আসরে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ম্যাচে সংগ্রাম করলেও, দ্বিতীয় ম্যাচে করেছেন জোড়া গোল। বিশ্বকাপে তার ১০ গোল পর্তুগালের হয়ে সর্বোচ্চ। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি।
২
২০১৮ রাশিয়া আসরে প্রথম ও দ্বিতীয় ম্যাচের পর, প্রথমবার বিশ্বকাপে টানা দুই ম্যাচে গোল করার সুযোগ ৪১ বছর বয়সী এই তারকার সামনে।