Published : 06 Jul 2026, 12:25 PM
নিজের সেরা চেহারায় হয়তো বিশ্বকাপে এখনও দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু তাই বলে তাকে হালকা করে দেখার মতো মারাত্মক ভুল করতে রাজি নন লুইস দে লা ফুয়েন্তে। মুহূর্তেই ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য থাকায় পর্তুগিজ মহাতারকার ব্যাপারে দলকে সাবধান করে দিয়েছেন স্পেন কোচ।
শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ১টায় (এএম) পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। এর আগের দিন সংবাদ সম্মেলনে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করলেন দে লা ফুয়েন্তে।
“আমি ক্রিশ্চিয়ানোর অনেক বড় ভক্ত। দৃঢ়সংকল্প, অক্লান্ত, অনুকরণীয় এক আদর্শ সে। ফুটবলার হিসেবে প্রতিটা পরিস্থিতিতেই তাকে নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। সে মুহূর্তেই ব্যবধান গড়ে দিতে পারে। আমরা ম্যান টু ম্যান মার্কিং করব না। তবে কিছু জায়গায় সে থাকলে আমাদের সাবধান থাকতে হবে।
“সে না খেললে আমার ভালো লাগত। তবে সে খেলবে। আমরা মাঠে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজনকে দেখব।”
পর্তুগিজ মহাতারকাকে সামাল দেওয়ার দায়িত্ব পড়তে পারে তরুণ সেন্টার ব্যাক পাউ কুবার্সির কাঁধে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল উপহার দিলেও রোনালদোর মতো একজনকে কী তিনি সত্যিই সামাল দিতে পারবেন? স্পেন কোচ মনে করেন, এমেরিক লাপোর্তেকে নিয়ে ঠিকই পারবেন কুবার্সি।
“আপনি রোনালদোর বিপক্ষে কখনও অসাবধান হতে পারবেন না। যেমনটা লামিন (ইয়ামাল) কিংবা (মিকেল) ওয়াইরসাবালের ক্ষেত্রে। তবে নিজের খেলোয়াড়দের উপর আমার আস্থা আছে। পাউ ও লাপোর্তে দুইজনই দারুণ দৃঢ়তা দেখিয়েছে। ওরা ব্যতিক্রমী এবং যেকোনো প্রতিপক্ষকে সামাল দিতে পারে। আমি মনে করি, ওরা পরিস্থিতি সামাল দিতে পারবে।”