১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনের রাজধানীতে রাশিয়ার হামলায় নিহত ৯

মাত্র চার দিন আগেই ইউক্রেইনের রাজধানী কিইভে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছিল রাশিয়া।

ইউক্রেইনের রাজধানীতে রাশিয়ার হামলায় নিহত ৯
রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কিইভের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 01:00 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ভোররাতে রাজধানী কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত আর অপ্যার্টমেন্ট ব্লকসহ অন্যান্য ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মাত্র কিছুদিন আগেই ইউক্রেইনের রাজধানীতে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছিল রাশিয়া।  

কিইভের মেয়র ভিতালি ক্লিচকো এক টেলিগ্রাম পোস্টে জানান, রাতভর চালানো হামলায় ভবনগুলো বিধ্বস্ত হয়েছে, উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। 

নগরীটির সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, কিইভে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে আর পুরো শহরজুড়ে আরও ৪৬ জন আহত হয়েছে। 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনগুলোর ধ্বংসাবশেষের পাশে আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনগুলোর ধ্বংসাবশেষের পাশে আগুন জ্বলছে

“দুর্ভাগ্যজনকভাবে, এগুলোই চূড়ান্ত তথ্য নয়,” বার্তা সংস্থা রয়টার্সকে বলেন তিনি আর জানান, উদ্ধারকাজ অব্যাহত আছে। 

কিইভের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত ১৫টি আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর মধ্যে একটি নয়তলা ভবনও আছে।  

বৃহস্পতিবার ভোররাতে নগরীটিতে রাশিয়ার ভয়াবহ হামলায় ৩১ জন নিহত হয়েছিল। এটি চলতি বছর ইউক্রেইনের রাজধানীতে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর চারদিন পর কিইভে ফের ব্যাপক হামলা চালাল মস্কো। 

ক্লিচকো জানান, কিইভের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল দার্নিৎস্কিতে দুইজন নিহত হয়েছে। আর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি ২৫তলা অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির উপরের তলাগুলোতে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী দলগুলো। 

ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সময় আলোকিত হয়ে আছে কিইভের রাতের আকাশ। ছবি: রয়টার্স 

ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সময় আলোকিত হয়ে আছে কিইভের রাতের আকাশ

তিনি আরও জানান, একই এলাকায় একটি ৩০তলা ভবনে আগুন ধরে গেছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা কিইভের ভেতরে ও আশপাশে ধারাবাহিক অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন। রাশিয়ার ড্রোনগুলো ধ্বংসে ইউক্রেইনের এয়ার ডিফেন্সও সক্রিয় ছিল বলে জানিয়েছেন তারা। 

কিইভের পাশাপাশি ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওদেসায়ও হামলার ঘটনা ঘটেছে।