Published : 02 Jul 2026, 12:39 PM
৮৫তম মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও হার মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে সেনেগালের কোচ ও খেলোয়াড়দের। ফুটবলকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে তাদের। হারের জন্য নিজেদের দায় দেখছেন তারা। তবে বেলজিয়ামকে দেওয়া পেনাল্টি মেনে নিতে পারছেন না দলটির কেউ।
শেষ বত্রিশের ম্যাচে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সেনেগাল। তিন মিনিটের মধ্য দুই গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় বেলজিয়াম। সেখানে সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন ইউরি টিলেমান্স।
১১৮তম মিনিটে বাঁ দিক থেকে মোরেইরার ক্রস প্রতিহত হয়ে বল যায় লুকেবাকিওর কাছে, ছয় গজ বক্সের বাইরে থেকে তার শট ক্রসবার ছুঁয়ে উড়ে যায়। তবে ক্রসটি আসার সময় টিলেমান্স ফাউলের শিকার হয়েছেন বলে দাবি করে বেলজিয়াম। রিপ্লেতে দেখা যায়, সেনেগালের লামিন কামারা ক্রসটি ক্লিয়ারের চেষ্টায় বল স্পর্শ করতে পারেননি। তার পা লাগে পেছন থেকে ছুটে যাওয়া টিলেমান্সের পায়ে। ধারাভাষ্যকার বলছিলেন, পেনাল্টি দেওয়া হলে সেনেগালের জন্য নির্মম হবে। ভিএআরে পর্যালোচনার পর, মনিটরে দেখে পেনাল্টিই দেন রেফারি।
সিদ্ধান্তটি নিয়ে আপত্তি জানায় সেনেগাল। এমনকি তাদের এক ডিফেন্ডার পেনাল্টি স্পটের কাছে অনেকক্ষণ পড়ে থাকেন! কোনোভাবেই সরানো যাচ্ছিল না তাকে।
ম্যাচ শেষে বিতর্কিত ওই পেনাল্টি নিয়ে আক্ষেপ ঝরল সেনেগাল কোচ পাপ চাওয়ের কণ্ঠে।
“আমাদের বিশ্বাস, এটা পেনাল্টি ছিল না। খেলোয়াড়রা চেষ্টা করেছিল, সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর। এটা ওদের অধিকার। এরপর পেনাল্টি নেওয়া হলো- আর আমাদের এখন বিদায় নেওয়ার সেটাই কারণ।”
গত জানুয়ারিতে একটি পেনাল্টির প্রতিবাদ জানিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে ফাইনালের মাঝপথে মাঠ ছাড়ে সেনেগাল। পরে অবশ্য মাঠে ফেরে তারা। মরক্কোর ব্রাহিম দিয়াস ওই পেনাল্টিতে গোল করতে পারেননি। পরে নিজেরা গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে চাওয়ের দল। কয়েক মাস পর মাঠ ছেড়ে যাওয়ায় তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে দেওয়া হয় মরক্কোকে।
এবার আরেকটি বিতর্কিত পেনাল্টিতে বিশ্বকাপে হৃদয় ভাঙল সেনেগালের ফুটবলারদের। দুই গোলে এগিয়ে থেকেও হারের পর নিজেদের বেশি দায় দেখেন ডিফেন্ডার খ্রেপাঁ জিয়াতা।
“বিশ্বকাপে নিজেদের ফুটবলের ইতিহাসে সুন্দর কয়েকটি পাতা লেখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমরা। আমাদের এটা মেনে নিতে হবে যে, এই অভিযানে আমরা ব্যর্থ হয়েছি। আমরা যেভাবে নিজেদের উজাড় করে দিয়ে তাতে এই ম্যাচ আমাদের হারা উচিত হয়নি।”
আগামী মঙ্গলবার সিয়াটলে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম।