Published : 01 Jul 2026, 08:25 AM
চলতি বিশ্বকাপের বিস্ময় কেইপ ভার্ড দলকে নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের। তার দৃঢ় বিশ্বাস, শেষ বত্রিশে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া যাত্রা অব্যাহত রাখতে পারবে তাদের দল।
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এবার বিশ্বমঞ্চে জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। সেখানেই থেমে থাকেনি তারা, ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে ক্ষুদ্রতম দেশ হিসেবে উঠেছে নকআউট পর্বে।
সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে শুরুতেই চমক দেখায় মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও ছয় লাখ জনসংখ্যার দেশটি। পরের ম্যাচে দারুণ খেলে তারা ২-২ গোলে ড্র করে লাতিন শক্তি উরুগুয়ের সঙ্গে। গ্রুপের শেষ ম্যাচে তারা ড্র করে এশিয়ার শক্তি সৌদি আরবের বিপক্ষে। তিন ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পা রাখে নকআউটে।
নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেইপ ভার্ড। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি জিতেছে শিরোপাধারীরা। দলের আট গোলের ছয়টি করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আসছে লড়াইয়ে ফেভারিট হয়েই নামবে আর্জেন্টিনা। তবে নেভেসের বিশ্বাস, আর্জেন্টিনাকে পেছনে ফেলে পরবর্তী ধাপে যেতে পারবে তাদের দল।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেইপ ভার্ড প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেইপ ভার্ড।”
“আমরা জয়ের জন্যই খেলছি... যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে এবং যদি সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা সম্ভব। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে।”