Published : 22 Jun 2026, 08:31 PM
বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিং রুমে হাতে লেখা একটি চিঠি রেখে যায় ইরান ফুটবল দল। যেখানে লেখা ছিল, “সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।”
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরান তাদের প্রথম দুটিই ম্যাচই খেলেছে লস অ্যাঞ্জেলেসে। ‘জি’ গ্রুপে রোববার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর রেখে যাওয়া চিঠিতে আরও বলা হয়, ‘মর্যাদা নিয়ে’ এই শহর ছাড়ছে তারা।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম অংশগ্রহণকারী কোনো দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত আয়োজক দেশ! যুদ্ধ বন্ধের জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আলোচনা চলছে, তখনই এলো এই চিঠি।
ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত এই চিঠিতে লেখা ছিল, “হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান, ইরানের চেতনা আজও প্রাণবন্ত ও অটল। আমরা গর্বের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, সম্মানের সঙ্গে খেলেছি এবং মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি।”

লস অ্যাঞ্জেলেসকে তাদের আতিথেয়তার জন্য ও ইরানের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠির শেষে লেখা ছিল, “সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।”
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাবের একটি স্কুলে বোমা হামলার কথাও লাল অক্ষরে উল্লেখ করা হয় চিঠিতে। ওই হামলায় অন্তত ১৬৮ জন নিহত হয়েছিলেন।
গত ফেব্রুয়ারিতে ওই যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান। তারপর থেকে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় নানারকম বিভ্রান্তি। যুক্তরাষ্ট্র থেকে বেইস ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নেওয়া, ভিসা জটিলতাসহ অনেক টানাপোড়েনের মধ্যেই টানা চতুর্থ বিশ্বকাপে অংশ নিতে যায় ইরান।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে চলমান বিশ্বকাপে ইরান তাদের প্রথম ম্যাচটি নিউ জিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে। সিয়াটলে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে গ্রুপের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে তারা।