কানাডার কাছে যেখানে হেরেছে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপ থেকে দল বিদায় নিলেও সবার প্রত্যাশার চেয়ে ভালো করতে পারায় গর্বিত দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুশ।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর নিজ দলের এক নির্মম সত্য ও অকপট মূল্যায়ন তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুশ। তার মতে, আধুনিক ফুটবলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো গতি ও শক্তির অভাব ছিল তার দলে। কানাডার বিপক্ষে পেরে উঠতে না পারার পেছনে এটাকেই মূল কারণ বলছেন তিনি।
১৬ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু রোববার লস অ্যাঞ্জেলসে শেষ বত্রিশের লড়াইয়ে কানাডার বিপক্ষে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে তাদের।
এদিন রক্ষণ জমাট রেখে, প্রতি আক্রমণের কৌশল বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। পোস্টে রনওয়েন উইলিয়ামসের মতো বিশ্বস্ত একজন থাকায় হয়তো অতিরিক্ত সময় ও টাইব্রেকারে ম্যাচ টেনে নেওয়ার আশায় ছিল তারা। তাদের পরিকল্পনা মতো এগোচ্ছিল সবকিছু। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্টেফেন অন্তুনজুস্তাকের দারুণ গোলে ভেঙে যায় দলটির স্বপ্ন।
ম্যাচ শেষে ৭৪ বছর বয়সী ব্রুশ বলেন, কানাডার গতি ও প্রাণশক্তির সঙ্গে শেষ পর্যন্ত লড়তে পারেনি তার দল।
“আমার মনে হয়, আমাদের সৎ হতে হবে। আজ আমরা হেরেছি, কারণ আমাদের দলে গতি ও শক্তির অভাব ছিল। প্রতিপক্ষের সঙ্গে যখন নিজেদের তুলনা করি, তখন দেখা যায়, আমরা বল দখলের চেষ্টার অনেকবার হেরেছি…আর এখানে কেবল দৌড়ানোর গতির কথা বলছি না, পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কথাও বলছি…যেটা প্রতিপক্ষের মতো ছিল না।”
“কানাডা কত দ্রুত খেলে এবং তাদের বিল্ড-আপ কতটা দ্রুত, তা আপনারা দেখেছেন। সেখানে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতেই অনেক দেরি করে ফেলেছি।”
সবশেষ ২০১০ সালে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। বাছাই পর্ব পেরিয়ে বিশ্ব মঞ্চে এর আগে তারা খেলেছিল ২০০২ সালে, জাপান ও দক্ষিণ কোরিয়া আসরে।
লম্বা সময় পর বিশ্ব আসরে ফিরে খারাপ করেনি দক্ষিণ আফ্রিকা। শেষ বত্রিশ থেকে বিদায়ের হতাশা থাকলেও ব্রুশ মনে করেন, প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে দক্ষিণ আফ্রিকা সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
“পেছনে তাকালে, আমরা যা করেছি তা নিয়ে বেশ সন্তুষ্ট হতে পারি। দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ২৪ বছর আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সবাই আশা করেছিল, তবে খুব কম মানুষই বিশ্বাস করেছিল যে আমরা দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে পারব।”
“আমরা হতাশ, কারণ আমরা জিততে চেয়েছিলাম। তবে আমরা যদি শেষ ষোলোয় উঠতে পারতাম এটা ছোটখাটো একটা অলৌকিক ঘটনা হতো। তবে আমাদের খুব বেশি হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমরা যা করেছি তা ভালো ছিল এবং আমি সত্যিই খুশি। আমি আমার দল নিয়ে অত্যন্ত গর্বিত।”
