Published : 17 Jul 2026, 09:56 PM
বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনালে ওঠায় খুশি হুয়ান লাপোর্তা। আরও বেশি উচ্ছ্বসিত তিনি ফাইনালে ওঠা বার্সেলোনার বর্তমান খেলোয়াড়দের নিয়ে। কাতালান ক্লাবটির সভাপতি বললেন, আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকবে বার্সেলোনার নিজস্ব পরিচয়।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার হবে বিশ্বকাপ ফাইনাল। লাপোর্তা আছেন নিউ ইয়র্কেই। বার্সেলোনার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক খেলোয়াড়কে দেখা যাবে ফাইনালে। বর্তমানে বার্সেলোনায় খেলা আট জন আছেন স্পেন দলে। এই ক্লাবে দুই দশক কাটানো মেসি নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে।
স্প্যানিশ রেডিও আরএমসি১-এ আলাপে ফাইনালে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা মেসি ও লামিন ইয়ামালকে দেখার তাৎপর্য নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন লাপোর্তা। বার্সেলোনার জন্য মেসির অসাধারণ অবদানের প্রশংসা করার পাশাপাশি ইয়ামালকে ক্লাবের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন তিনি।
“মেসিও ফাইনালে পৌঁছেছে, আমি আনন্দিত। সে লা মাজিয়ার (বার্সেলোনার একাডেমি) গর্বের উৎস। মেসি অতীত ও বর্তমান, আর লামিন বর্তমান ও ভবিষ্যৎ।
“সভাপতি হিসেবে আমি গর্বিত যে, এই দুই খেলোয়াড়কে আমাদের মাঠে তৈরি করেছি। এর সঙ্গে যদি আমরা হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, (পাউ) কুবার্সি, যে দুর্দান্ত বিশ্বকাপ খেলছে, (দানি) ওলমো, গাভি, পেদ্রি, ফেররানকে (তরেস) যোগ করি... অসাধারণ ব্যাপার।”
এই ফাইনালকে বার্সেলোনার একাডেমির মাধ্যমে বিশ্বমানের প্রতিভা তৈরিতে ক্লাবের ধারাবাহিক সাফল্যের আরেকটি প্রমাণ হিসেবে দেখছেন লাপোর্তা।
“(বিশ্বকাপ ফাইনালে) আমাদের যে আট জন খেলোয়াড় আছে, তাদের নিয়ে আমরা খুবই গর্বিত। এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এমন প্রতিভাবান খেলোয়াড়দের পেয়ে সভাপতি হিসেবে আমি খুব খুশি ও কৃতজ্ঞ।”
“জাতীয় দলের পর্যায়ে, বিভিন্ন ধরনের খেলোয়াড়দের নিয়ে এটাই হতে পারে সেরা ম্যাচ। রেফারিকেও তার ছাপ রাখতে হবে। আর্জেন্টিনা বেশি আক্রমণাত্মক, আর স্প্যানিশ দল বেশি সমন্বিতভাবে খেলে, তাদের খেলার ধরন বার্সার মতোই। বার্সাই সেরা এবং সবাই তা স্বীকার করে।”