১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বন্যা ও পাহাড় ধসে রাঙামাটিতে সড়কের ক্ষতি ‘১০ কোটি টাকা’

এলজিইডির হিসাবে, পাঁচ উপজেলায় ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 01:36 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

টানা বৃষ্টি ও পাহাড় ধসে রাঙামাটির সড়কগুলোতে  প্রায় ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য দিয়েছে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর।

তাদের হিসাবে, জেলার ছয়টি সড়কের ২৬টি স্থানে ২ দশমিক ৮৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চট্রগ্রাম-রাঙামাটি মহাসড়ক, রাঙামাটি- খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক ও রাঙামাটি-বান্দরবান সড়কের কোনো কোনো স্থানে পাহাড় ধসে রাস্তার ঢালাই উঠে গেছে। কোথাও কোথাও ধসে পড়েছে সড়ক রক্ষার দেয়াল। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্যমতে, রাঙামাটির পাঁচ উপজেলায় ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া, কলমপতি ও ঘিলাছড়ি ইউনিয়নের ২৫ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এছাড়া লংগদু সদর ইউনিয়নে ৫ কিলোমিটার, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ও বাঘাইছড়ি ইউনিয়নে ১০ কিলোমিটার, কাপ্তাইয়ে ১০ কিলোমিটার ও রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রাজস্থলীতে দুইটি কালর্ভাট পানির স্রোতে ভেসে গেছে। 

এলজিইডির রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি বলেন, বরকল ও বিলাইছড়িতে বন্যা হলেও ওইসব এলাকায় এলজিইডির গ্রামীণ সড়ক নেই। ক্ষতিগ্রস্ত ৬০ কিলোমিটার সড়ক মেরামতে এলজিইডির ১ কোটি টাকা প্রয়োজন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে সড়কের কাজ শুরু হবে।

জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কোনো সেতু ক্ষতিগ্রস্ত হয়নি। সড়ক অবকাঠামোর ক্ষতির পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। 

“আমরা ক্ষয়ক্ষতির তালিকা চুড়ান্ত করেছি। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”