Published : 11 Jun 2026, 03:55 AM
দারুণ এক গোলে শুরু করলেও, সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারল না পর্তুগাল। অনেক সুযোগ নষ্টের পর, আরেকটি চমৎকার গোলে ব্যবধান গড়ে দিলেন ফ্রান্সিসকো কনসেইকাও। ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এবার নাইজেরিয়াকে হারাল রবের্তো মার্তিনেসের দল।
লেইরিয়ায় বুধবার রাতে পর্তুগালের জয় ২-১ গোলে। পেদ্রো নেতো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, নাইজেরিয়াকে সমতায় ফেরান অ্যাডামস। তবে বিরতির পর আর পর্তুগিজদের তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি বিশ্বকাপে উঠতে ব্যর্থ আফ্রিকান দলটি।
চিলির বিপক্ষে একই স্কোরলাইনে জেতা প্রথম প্রস্তুতি ম্যাচের শুরুর একাদশে সাতটি পরিবর্তন এনে খেলতে নামা পর্তুগাল অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো। কিন্তু ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্রিস্তিয়ানো রোনালদো!
পরের মিনিটে উল্টো গোল খেতে বসেছিল পর্তুগাল। তবে নাইজেরিয়ার স্ট্রাইকার অ্যাডামসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় তারা।
২৩তম মিনিটে পেদ্রো নেতোর দারুণ গোলে এগিয়ে যায় পর্তুগাল। দিয়োগো দালোতের কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন চেলসি উইঙ্গার। জাতীয় দলের হয়ে এটি তার তৃতীয় গোল।
ব্যবধানটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৭তম এক পাল্টা আক্রমণে পর্তুগিজ রক্ষণ ভেঙে নাইজেরিয়ার দুই জন ডি-বক্সে ঢুকে পড়েন, তখন সেখানে স্বাগতিকদের কেবল একজন ডিফেন্ডার ছিলেন। একরকম বিনা বাধা নিচু শটে সমতা টানেন অ্যাডামস।
দ্বিতীয়ার্ধের শুরুতে নেতোর বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল পেতে পারতেন জোয়াও ফেলিক্স, তবে তার বুলেট গতির শট কোনোমতে আটকান গোলরক্ষক। কর্নারের পর ফেলিক্সের আরেকটি জোরাল শট ক্রসবার কাঁপায় এবং পরক্ষণে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো।
৬৪তম মিনিটে রোনালদোকেও তুলে নেন কোচ, তার জায়গায় মাঠে নামেন গন্সালো রামোস। গোলরক্ষক ছাড়া বাকি ১০ খেলোয়াকেই ওই সময়ের মধ্যে পরিবর্তন করেন রবের্তো মার্তিনেস।
এর ১০ মিনিট পর আরেকটি দারুণ গোলে আবার এগিয়ে যায় পর্তুগাল। ত্রিনকাওয়ের বদলি নামা কনসেইকাও ডান দিক থেকে ডি-বক্সে একগাদা খেলোয়াড়ের মাঝ দিয়ে নিখুঁত কোনাকুনি শটে গোলটি করেন।
আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।