Published : 09 Jun 2026, 12:22 PM
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিলেন মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করলেন পেদ্রি। পরে পেরুর গোলরক্ষকের ভুলে সহজ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করল স্পেন।
বৈশ্বিক আসরের মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে পেরুকে ৩-১ গোলে হারায় স্পেন। আগের ম্যাচে ইরাকের সঙ্গে ১-১ ড্র করে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের আগে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়া স্প্যানিশরা গোলের উদ্দেশ্যে নেওয়া প্রথম শটেই জালের দেখা পায়। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে চমৎকার গোলটি করেন রেয়াল সোসিয়েদাদের ওইয়ারসাবাল।
এরপর চলে আক্রমণ, পাল্টা আক্রমণ। ভালো কয়েকটি সুযোগ তৈরি করে স্পেন। ৩২তম মিনিটে ফেররান তরেসের ক্রসে ফাঁকায় বল পেয়ে সহজে জালে পাঠান বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি।
দ্বিতীয়ার্ধে অষ্টম মিনিটে ভুল করে বসেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি। ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে উল্টো জালে পাঠিয়ে দেন তিনি।
৬৬তম মিনিটে একটি গোল শোধ করতে পারে পেরু। সতীর্থের পাসে বক্সের বাইরে বল পেয়ে একটু এগিয়ে দাভিদ রায়াকে পরাস্ত করেন হাইরো ভেলেস।
এদিন স্টেডিয়ামজুড়ে বিশ্বকাপ উন্মাদনা ছিল স্পষ্ট। গ্যালারিতে স্পেনের জার্সির পাশাপাশি বার্সেলোনার জার্সির আধিপত্য ছিল চোখে পড়ার মতো। সংখ্যায় কম হলেও পুরো ম্যাচজুড়েই দলকে উৎসাহ দিয়ে যান পেরুর সমর্থকরা।
আগামী বৃহস্পতিবার পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। সোমবার মাঠে নামবে স্পেন, প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দ। ‘এইচ’ গ্রুপে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।