Published : 16 Jun 2026, 06:31 PM
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই থেমে যেতে চান না ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড। বাছাই পর্বে দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে উত্তর আমেরিকা আসরে জায়গা পাওয়ার পর তার নজর আরও উঁচুতে। বিশ্বকাপে অভিযান শুরুর আগে তিনি বলেছেন, বিশ্বকে চমকে দিতে তৈরি তার দল।
বাংলাদেশ সময় বুধবার ভোরে বস্টনে ‘আই’ গ্রুপের ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ইরাক। তাদের অন্য দুই প্রতিপক্ষ গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স ও সেনেগাল। গ্রাহাম বলেছেন, এই দলগুলোর বিপক্ষে তাদের হারানোর কিছু নেই।
“আমরা খুব কঠিন একটা গ্রুপে আছি আর এতে একই সঙ্গে ছেলেরা খুব রোমাঞ্চিত। প্রতিটা দিনই যেন ক্ষণগণনা। বিশ্বকাপ শুরু হয়েছে চার দিন হলো।”
“ছেলেরা অনেকগুলো প্লে-অফ পেরিয়ে এসেছে, অনেক চাপের ম্যাচ খেলেছে। বাছাইয়ে ওদের ২১টি ম্যাচ খেলতে হয়েছে। এগুলো ছিল ওদের শেখার ভালো সুযোগ।”
মার্চে আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে এবারের আসরের শেষ স্থানটি পায় ইরাক। গ্রাহাম বলেছেন, তার খেলোয়াড়রা এখন পর্যন্ত বিশ্বকাপের প্রতিটা ম্যাচ দেখেছে। এবার কয়েকটি ছোট দল বড় দলকে চমকে দিয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দ। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে কাতার। এগুলো থেকে আত্মবিশ্বাস পেতে পারে ইরাক, তেমনই আশা দলটির কোচ গ্রাহামের।
“নিজেদের উপর আস্থা রাখতে হবে আমাদের এবং খেলার জন্য তৈরি থাকতে হবে। এখান জায়গা করে নেওয়াই যথেষ্ট নয়। আমি আরও বেশি চাই।”
বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি ইরাক। ১৯৮৬ সালে বিশ্বকাপে নিজেদের একমাত্র আসরে গ্রুপ পর্বের সব ম্যাচ হেরেছিল তারা। ওই ধারা এবার পাল্টাতে চান গ্রাহাম।
“১২ মাস কঠিন ছিল। এখানে আসাটাই যথেষ্ট নয়। ওরা ভালোভাবে উদযাপন করেছে… ওদের অভিনন্দন। তবে এখন আমাদের বিশ্বকাপের জন্য যেতে হবে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে হবে এবং বিশ্বকাপে চমকে দেওয়ার চেষ্টা করতে হবে।”