Published : 01 Jul 2026, 12:06 PM
সুইডেন কোচের ‘জীবনের সেরা ফুটবল’ খেলার ডাকে সাড়া দিতে পারেননি আলেকসান্দার ইসাক, ভিক্তর ইয়োকেরেশরা। ফ্রান্সের সামনে দাঁড়াতেই পারেনি গ্রাহাম পটারের দল। ম্যাচ শেষে সুইডিশদের কোচ পটারের উপলব্ধি, ফরাসিদের এই দলের বিপক্ষে নিখুঁত ফুটবল খেললেও জেতা সম্ভব হতো কিনা সন্দেহ আছে তার।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মঙ্গলবার ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সুইডেন। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্ব মঞ্চ থেকে এত দ্রুত বাদ পড়ল তারা।
এবারের আগে অংশ নেওয়া চারটি বিশ্বকাপে অন্তত শেষ ষোলো পর্যন্ত উঠতে পেরেছিল সুইডেন। ১৯৯৪ সালে সেমি-ফাইনালও খেলেছিল দলটি, হয়েছিল আসরের তৃতীয় সেরা দল। আর ২০১৮ আসরে কোয়ার্টার-ফাইনালে খেলেছিল সুইডিশরা।
লম্বা সময় পর এত দ্রুত বিদায় নিলেও, তরুণ একটি দল নিয়ে এতটা পথ পাড়ি দেওয়ার গর্ব আছে পটারের। কারণ বাছাই পর্বেই প্রায় আটকে গিয়েছিল দলটি। প্লে-অফের বৈতরণী পার করে মূল আসরে জায়গা করে নেয় তারা।
তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু করার পরের ম্যাচেই একই ব্যবধানে বিধ্বস্ত হয় নেদারল্যান্ডসের কাছে। জাপানের বিপক্ষে ড্র করে তৃতীয় সেরা আট দলের একটি হয়ে কোনোমতে নকআউট পর্বে ওঠে দলটি।
সেখানে সুইডিশদের দিতে হয় কঠিন পরীক্ষা। লড়তে হয় ফ্রান্সের বিপক্ষে, যে দলটি গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট, যাদেরকে এবারও মনে করা হচ্ছে শিরোপার সবচেয়ে বড় দাবিদার। সেই পরীক্ষায় ভরাডুবির পর দুই দলের মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরলেন পটার।
“আমাদের নিখুঁত খেলতে হতো। কিন্তু আমি যদি সৎভাবে বলি, আমরা নিখুঁত খেললেও তা যথেষ্ট হতো কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ প্রতিপক্ষ অত্যন্ত উচ্চমানের ফুটবল খেলেছে।”
“ফরাসি দলের খেলোয়াড়দের ক্যারিয়ার ও অর্জনের দিকে তাকান, আর আমাদের দলের সঙ্গে তুলনা করুন- আমরা একটি তরুণ, উদীয়মান দল। আশা করছি সামনে আমাদের ভালো কিছু অপেক্ষা করছে।”
সুইডেন না পারলেও, বড় দুটি দলকে হারিয়ে মরক্কো ও প্যারাগুয়ে ঠিকই পেরেছে শেষ ষোলোয় জায়গা করে নিতে। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েছে মরক্কো, আর জার্মানির হৃদয় ভেঙে দিয়েছে প্যারাগুয়ে।
সেই প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স। সেখানে কোনো অঘটন হবে কিনা জানতে চাওয়া হলে পটার বলেন, “এটা ফুটবল, অবশ্যই যেকোনো কিছু হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে ফ্রান্সের চেয়ে ভালো দল দেখি না।”
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স।