Published : 10 Jul 2026, 10:51 PM
বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার পরপরই, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন ভিনিসিউস জুনিয়র। সেই প্রচণ্ড কষ্ট সইয়ে এবার আরেকবার সবার কাছে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিলেন লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।
দুই দশকের অধরা হেক্সা জয়ের স্বপ্নে এবার কার্লো আনচেলত্তির কোচিংয়ে বিশ্বকাপে পা রাখে ব্রাজিল। কিন্তু উত্তর আমেরিকা আসরে লক্ষ্য পূরণের জন্য যা দরকার ছিল, তা করতে পারেনি দলটি। সময়ের সঙ্গে উন্নতির ইঙ্গিত দিলেও, শেষ ষোলোয় মুখ থুবড়ে পড়ে তারা।
নিউ ইয়র্কে গত রোববার নরওয়ের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে হেরে ছিটকে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
সেই হতাশা সামলে নিতে কিছুটা সময় দরকার ছিল- শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন ভিনিসিউস।
“নানা বয়সে অনেক মানুষকে আমাকে সমর্থন করতে দেখেছি আমি, আমাদের স্বপ্নকে লালন করতে দেখেছি, তাই আমার চুপ করে থাকটা ঠিক হবে না। তবে নিজেকে সামলে নিতে ও আত্মপলব্ধির জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।
“জাতীয় দলের জার্সি পরতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের, এবং বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না।”
দেশের মানুষের স্বপ্ন সত্যি করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলেন বলে জানালেন ভিনিসিউস। মাঠের পারফরম্যান্সে অবশ্য তার প্রমাণও কিছুটা দিয়েছেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি গোল করতে পেরেছিলেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে সব মিলিয়ে তার পারফরম্যান্সও ছিল সাদামাটা; এই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবলে ৪৯ ম্যাচে তার গোল ছিল মাত্র ৯টি।
সেখানে এবার গ্রুপ পর্বে তিন ম্যাচেই জালের দেখা পান তিনি, গোল করেন চারটি। কিন্তু নকআউট পর্বে আর পারেননি দলকে পথ দেখাতে।
এই ব্যর্থতা ঘুচিয়ে আগামীতে দেশকে আবারও শীর্ষে তোলার প্রতিশ্রুতি দিলেন ২৫ বছর বয়সী ভিনিসিউস।
“আমি জানি, কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা লক্ষ্যে মনোযোগী ছিলাম, আপনাদের জন্য, আমার পরিবারের জন্য আমি এটা (বিশ্বকাপে সাফল্য) কতটা চেয়েছিলাম।
“এই হতাশার অনুভূতি অদ্ভূত। বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাওয়ার মতো আমাদের শক্তিশালী একটা দল ছিল, কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমা চাচ্ছি এবং ফুটবলে বিশ্বের শীর্ষে ফেরার যে স্বপ্ন আমাদের, সেজন্য আমি লড়াই করে যাব।”
রেকর্ড পাঁচটি বিশ্বকাপ শিরোপার সবশেষটি ব্রাজিল জিতেছে ২০০২ সালে। তারপর থেকে, একবারই কেবল সেমি-ফাইনালে খেলতে পেরেছে সেলেসাওরা।