Published : 10 Jul 2026, 11:24 PM
পূর্ব বিরোধের জেরে নোয়াখালী সদর উপজেলায় মাঠে ফুটবল খেলা দেখার সময় এক কিশোরের পিঠে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম।
আহত নাজমুল হাসান সিয়াম (১৭) উপজেলার দূ্র্গানগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিয়ামের বাবা নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, “আমার ছেলে স্কুল মাঠে ফুটবল খেলা দেখছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে ইয়ামিন, রিপন, সিফাত ও রাহিম নামে চার কিশোর তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।”
আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরি তার পিঠের গভীরে চলে যায়। হাসপাতালের তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে বলে জানান নিজাম উদ্দিন।
এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, হামলাকারীরা ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, খেলা চলাকালে কথা কাটাকাটির জেরে সিয়ামের পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।