Published : 27 Jun 2026, 09:22 AM
শেষ বাঁশি বাজার পর প্রাথমিক উদযাপনের এক ফাঁকে একটু থমকে গেলেন কেইপ ভার্ডের ফুটবলাররা। সাপোর্ট স্টাফের কেউ একজন একটি ফোন নিয়ে এলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে চোখ রাখলেন ফোনের স্ক্রিনে। অন্য ম্যাচের ফলাফল দেখে তারা জানতে পারলেন, দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এবার শুরু হলো আরেক দফা উৎসব। পরস্পরকে আলিঙ্গনে জড়িয়ে, লাফিয়ে, নেচে উদযাপন করলেন তারা।
বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে পেয়ে কোনো ভয়-শঙ্কা নেই তাদের, বরং রোমাঞ্চে ভেসে যাচ্ছে তারা। অবশ্য রোমাঞ্চকর এক অভিযানেই তারা আছে। এবারের বিশ্বকাপের বিস্ময় তো এই দলই!
তাদের শুরুটাই ছিল বিশ্বকে চমকে দিয়ে। বিশ্বকাপে প্রথম পা রেখে শুরুতেই তারা আটকে রাখে স্পেনকে। গোলকিপার ভজিনিয়ার অসাধারণ পারফরম্যান্সে গোলশূন্য ড্র করে তারা ফেভারিটদের সঙ্গে। পরের ম্যাচে দারুণ খেলে ২-২ গোলে ড্র করে লাতিন শক্তি উরুগুয়ের সঙ্গে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে তারা ড্র করে এশিয়ার শক্তি সৌদি আরবের বিপক্ষে। তিন ড্রয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের পর্বে!
বিশ্বকাপের গ্রুপিং যখন চূড়ান্ত হয়েছিল, এই গ্রুপ থেকে সম্ভাব্য রানার্স আপ হিসেবে উরুগুয়েকেই ধরে রেখেছিলেন বিশেষজ্ঞদের বেশির ভাগ। সৌদি আরবের সম্ভাবনাও দেখেছিলেন কেউ কেউ। কোনো সমীকরণেই কেইপ ভার্ড ছিল না। আটলান্টিক মহাসাগরের ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট এক দেশটিই এখন বদলে দিল ছক।
দেশটির আয়তন মোটে ৪ হাজার বর্গকিলোমিটারের একটু বেশি। ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ৫ লাখ ৯৩ হাজার। তাদের জাতীয় স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মোটে ১৫ হাজার। বাছাইপর্বে আফ্রিকার পরাশক্তি ক্যামেরুনের গ্রুপ থেকে সেরা হয়ে গত অক্টোবরে নিশ্চিত করে বিশ্বমঞ্চে খেলা।
বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছিল তারা। এখন নকআউট পর্বে জায়গা করে নিল ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসেবে।
স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে ড্র করার নায়ক ভজিনিয়া সৌদির বিপক্ষেও তিনটি সেভ করেন।
বিশ্বকাপ অভিষেকেই গ্রুপ পর্ব উতরানোর সবশেষ নজির ছিল ২০০৬ আসরে ইউক্রেন ও ঘানার।
এবার অবশ্য আরও অনেক কঠিন পরীক্ষায় পড়তে হবে ভজিনিয়া ও তার সতীর্থদের। অসাধারণ ফর্মে থাকা লিওনেল মেসি ও ফেভারিট আর্জেন্টিনার সামনে পড়েছে র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলটি।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় ম্যাচটি হবে মায়ামিতে, যে শহরকে এখন মেসির শহরও বলা যায়। ইন্টার মায়ামিতে খেলে যে শহরকে আপন করে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
এই গ্রুপের চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি এখনও।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, চারবার চতুর্থ হওয়া ও ২০১৮ আসরে কোয়ার্টার ফাইনালে খেলা উরুগুয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল হতাশাজনকভাবে। দুই ড্র এ এক হারে তাদের পয়েন্ট দুই।
১৯৯৪ সালে বিশ্বকাপ অভিষেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া সৌদি আরব টানা ষষ্ঠবার বাদ পড়ে গেল গ্রুপ পর্ব থেকে।