Published : 10 Jun 2026, 12:29 AM
মেক্সিকোর টিহুয়ানায় বেইস ক্যাম্প করা ইরান জাতীয় দল বিশ্বকাপে তাদের তিন ম্যাচের প্রতিটির আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
এর আগে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান দলকে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং সেদিনই দেশটি ছাড়তে হবে। বিষয়টি নিয়ে উঠেছিল প্রশ্ন।
ডিএইচএস এর একজন মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, খবরটি সত্যি নয়।
“এই খবরগুলো অসত্য। প্রেসিডেন্ট (ডনাল্ড) ট্রাম্পের উদারতার জন্য ইরান দল তাদের ম্যাচের আগের দিন (যুক্তরাষ্ট্রে) পৌঁছতে পারবে।”
ইরানের ফুটবল ফেডারেশনের তথ্য মতে, তাদের প্রথম ম্যাচের ১০ দিন আগে, গত শুক্রবার যুক্তরাষ্ট্র সব খেলোয়াড়কে ভিসা দিলেও, ‘ম্যানেজার ও প্রধান কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে’ ভিসা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা পাওয়া যাবে কি না, সেই অনিশ্চয়তার কারণে ইরানের ফুটবল ফেডারেশন এর আগে দলের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন মেক্সিকোর টিহুয়ানায়।
তিন সপ্তাহ তুরস্কে অনুশীলন করার পর গত রোববার ভোরে টিহুয়ানায় পৌঁছায় ইরান দল।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর, দেশটিতে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান এবং তাতে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তখন।
মার্চে ট্রাম্প বলেছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানকে স্বাগত জানানো হবে, কিন্তু তিনি মনে করেন না ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য’ ইরান দলের যুক্তরাষ্ট্রে থাকাটা সমীচীন হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ আগামী বৃহস্পতিবার থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
‘জি’ গ্রুপে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে; ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। পরের ম্যাচটি সিয়াটলে, ২৬ জুন মিশরের বিপক্ষে।