Published : 10 Jul 2026, 05:12 PM
খুব একটা স্বস্তি নিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করতে পারেননি জেরেমি ডোকু। অসুস্থতা নিয়ে সঙ্গী হয়েছিলেন দলের। এরপর সন্তানের জন্মের কারণে মাঝে দলের সাথে থাকতে পারেননি। সব মিলিয়ে, বিশ্বকাপে এখন পর্যন্ত এই তরুণ উইঙ্গারের সেরাটা পায়নি বেলজিয়াম।
স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তাই, বেলজিয়ামের ‘তুরুপের তাস’ হতে পারেন ডোকু। বিগত সময়ের ঘাটতি পুষিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে লস অ্যাঞ্জেলেসে নামতে পারেন তিনি। ১১ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।
মাঠে ডোকুর উদযাপনের মুহূর্ত খুব একটা আসেনি এখন। বেলজিয়ামের হয়ে মাত্র তিন ম্যাচে সেরা একাদশে ছিলেন, সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ছিলেন বেঞ্চে।
সিয়াটলে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে, বেলজিয়াম কোচ হুডি গাহসিয়া উইংয়ে খেলান দদি লুকেবাকি ও লেয়ান্দ্রো ট্রসার্ডকে। বল পায়ে থাকা ও না থাকা অবস্থায়, দুজনে আলো ছড়ান। একই কাজ করতে দারুণ পারদর্শী গতি ও ড্রিবলিংয়ে দক্ষ ডোকুও।
স্পেন ম্যাচে ডোকুকে কীভাবে গাহসিয়া কাজে লাগাবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। ম্যাচের প্রতিপক্ষ ও পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তনের খ্যাতি আছে বেলজিয়াম কোচের। তাই, ২৪ বছর বয়সী এই উইঙ্গারকে এ ম্যাচে তিনি শুরু থেকে খেলালেও বিস্ময়ের কিছু থাকবে না।
ডোকু নিজেও অপেক্ষায় আছেন সেরাটা মেলে ধরার। অসুস্থতা নিয়ে টুর্নামেন্টে শুরুতে নিজেকে মেলে ধরতে পারেননি। এরপর ছেলের জন্মের কারণে লন্ডনে ছুটে যাওয়ায়, খেলতে পারেননি ইরানের বিপক্ষে ম্যাচটি। নিউ জিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ৫-১ গোলে জেতা ম্যাচে নেমেছিলেন, কিন্তু ক্লান্তির কারণে তাকে এক ঘণ্টার আগেই তুলে নেন গাহসিয়া।
শেষ বত্রিশে সেনেগালের বিপক্ষেও, প্রত্যাশা মেটাতে পারছিলেন না ডোকু। দ্বিতীয়ার্ধের শুরুতে তাই তাকে তুলে নেন কোচ। এত ‘বকেয়া’ ডোকু মিটিয়ে দিতে চান স্পেনের বিপক্ষের বাঁচা-মরার লড়াইয়ে।
সবসময় ‘বিশ্বসেরা উইঙ্গার’ হওয়ার লক্ষ্য ডোকু আড়াল করেননি কখনও। তবে, তার নামের পাশে গোল বেশি নয়। তিনিও অনুভব করছেন আরও বেশি গোল করতে হবে সেরার কাতারে উঠতে হলে।
“যদি আমার আরও গোল থাকে, তাহলে বিশ্বাস করি, আমি ওই জায়গাতে (বিশ্বসেরা উইঙ্গার) থাকতে পারি। আমার মনে হয়, অ্যাসিস্টের জায়গাতে আমি ঠিক আছি, কিন্তু আমাকে ওই জায়গাগুলোতে আরও বেশি থাকতে হবে, যেখান থেকে সহজে গোল করা যায়।”
গোল করার সমার্থ্য যে আছে, তা বিশ্বকাপের আগে, ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমের শেষ দুই মাসে পাঁচ গোল করে দেখিয়ে দিয়েছিলেন ডোকু। কিন্তু গত নভেম্বরে লিখটেন্সটাইনের বিপক্ষে ম্যাচের পর আর পাননি জালের দেখা। তবে, সাবেক ফুটবলার ও ফুটবল বিশেষজ্ঞ মার্ক ডেগ্রিস আস্থা রাখছেন ডোকুর উপর।
“আমার মনে হয়, এই টুর্নামেন্টে ডোকু আবারও জ্বলে উঠবে।”
সেটার শুরুটা কী স্পেনের বিপক্ষে? উত্তর মিলে যেতে পারে লস অ্যাঞ্জেলেসের ম্যাচে।