Published : 10 Jul 2026, 05:58 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দোপাড়া হিন্দুপাড়া গ্রামের গোকুল চন্দ্র মালির ছেলে দলু চন্দ্র মালি বাড়ির পাশে একটি স্থানে মূর্তিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি থানায় জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়ির সামনের পাকা সড়ক থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ওসি শাহিনুজ্জামান বলেন, বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হবে। প্রায় ২২ ইঞ্চি উচ্চতার মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। তবে ওজন পরিমাপ করা হয়নি।