Published : 28 Jun 2026, 11:01 PM
এই লস অ্যাঞ্জেলেসে গত বছর মার্চে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিলেন আলফুঁস ডেভিস। এসিএল ছিঁড়ে গিয়েছিল, চোট লেগেছিল হাঁটুতে। এরপর কানাডার জার্সিতে আর মাঠে নামা হয়নি তার। তবে, ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার স্বপ্ন দেখছেন নতুন করে। এ মাঠেই বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কানাডা। ডেভিসও খুব করে চাইছেন, ম্যাচটি খেলতে।
এক বছরেরও বেশি সময় আগে, সেই ম্যাচটি ছিল কনক্যাকাফ নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। কানাডা মুখোমুখি হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ওই ম্যাচে পাওয়া ভয়ঙ্কর চোট ডেভিসকে মাঠের বাইরে ছিটকে দিয়েছিল আট মাসের জন্য।
চোট এরপরও পিছু ছাড়েনি কানাডা অধিনায়কের। বিশ্বকাপ শুরুর আগে পেলেন হ্যামস্ট্রিংয়ের চোট। তাতে, দলের সঙ্গী হলেও, বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। কানাডার গ্রুপ পর্ব পেরুনো তিনি দেখেছেন দর্শক হয়ে। ফিফার সাথে আলাপচারিতায় সেই কষ্ট আড়াল করেননি ডেভিস।
“এটা পীড়াদায়ক ছিল। আমি শুধু ফুটবলই খেলতে চাই, এটাই আমার আসল আবেগের জায়গা। প্রথম ম্যাচ দেখার সময় আমি মাঠে নামতে ভীষণ উদগ্রীব ছিলাম। দ্বিতীয় ম্যাচে আরও বেশি করে চাচ্ছিলাম খেলতে এবং এরপর তৃতীয় ম্যাচের আগে তো কোচকে জিজ্ঞেস করেছিলাম, কয়েক মিনিটের জন্য খেলতে পারব কিনা। তিনি বলতে পারতেন-হ্যাঁ, তোমাকে সে সুযোগ দিব।”
“কিন্তু তাকে দলের কথা ভাবতে হয় এবং তিনিও মানুষ, তিনি আমাকে বললেন, মাঠে ফেরার জন্য প্রয়োজনীয় উন্নতি হয়নি আমার। এটা শোনা …এবং ওই তিনটি ম্যাচ দেখাও কঠিন ছিল।”
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডেভিসের খেলা নিশ্চিত নয় এখনও। তবে, তিনি এ মাঠে খেলতে মুখিয়ে আছেন। বললেন, এখান থেকেই নতুন শুরু করতে চান।
“আমি আসলেই এটা নিয়ে ভাবি না। যে কোনো জায়গাতেই চোটের শিকার হতে পারি। এটা অনুমান করা যায় না। এখন এ মাঠে ফিরেছি; গত বছর মার্চে এখানে যেটা শুরু হয়েছিল, সেটা এখানেই শেষ করতে চাই।”
“আমি এই মাঠে খেলা আসলেই উপভোগ করি। কেননা, এটা সুন্দর একটা স্টেডিয়াম। ওই ম্যাচটা আমার জন্য মাঝপথে শেষ হয়ে গিয়েছিল সেদিন, কিন্তু দিন শেষে এটাই ফুটবল। আপনি চোটে পড়তে চাইবেন না, কিন্তু এটা হয়ে যায়। এখন আমি মানসিক ও শারীরিকভাবে ম্যাচটির জন্য প্রস্তুত হচ্ছি।”