২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাটু আর্টিস্ট খুঁজছেন কুকুরেইয়া

সবাই যেহেতু দেখতে চাইবে, তাই দৃশ্যমান জায়গায় ট্যাটু করাতে চান এই ডিফেন্ডার।

ট্যাটু আর্টিস্ট খুঁজছেন কুকুরেইয়া
বিশ্বকাপ ট্রফি হাতে মার্ক কুকুরেইয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 08:19 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ফাইনালের আগে শিরোপা জিতলে ট্যাটু করার প্রতিশ্রুতি দেওয়া মার্ক কুকরেইয়া সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন। তাই ট্যাটু আর্টিস্ট খুঁজছেন। 

তবে, অবসর নেওয়ার ব্যাপারে কিছু জানাননি। পাশাপাশি, ট্যাটু কোথায় করবেন তা নিয়ে সতীর্থদের পরামর্শও চেয়েছেন।

বিশ্বকাপ জিতলে নিজের শরীরে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখায়বের ট্যাটু করার ঘোষণা দেন এই ডিফেন্ডার। একই সঙ্গে জানান, বিশ্বকাপ জিতে বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে।

নিউ জার্সিতে রোববার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর ট্রফি ও চ্যাম্পিয়নশিপ মেডেল নিয়ে ছবি দেওয়ার পাশাপাশি ট্যাটু আর্টিস্টেরও খোঁজ করেন।

সেখানে তিনি লিখেন, “কোনো ট্যাটু আর্টিস্ট আছেন?” 

ম্যাচ শেষে মিক্সড জোনে ট্যাটু করাতে দৃঢ়প্রতিজ্ঞ থাকা এই ডিফেন্ডার বলেন, এখনও কিছু বিষয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে আছেন।

“আমি এখনও কিছু জানি না। ভাবতে হবে, কোথায় ট্যাটু করাব। লোকজন আমাকে জিজ্ঞেস করবে। তাই, এমন জায়গায় করতে হবে যাতে সহজে চোখে পড়ে।”

“সামনে আমাদের জন্য লম্বা ভ্রমণ অপেক্ষা করছে। আশা করি, সতীর্থরা এই বিষয়ে আমাকে ধারণা দেবে। এরপর এটা করাতে হবে।” 

বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপনের সময় কুকুরেইয়ার এই প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

“আমি জানি আমার খেলোয়াড়রা অঙ্গীকার রক্ষা করার মতো মানুষ। তারা একটা ভুল করেছে এবং তাদের সেটা পালন করতে হবে। আমি দেখতে এতোটা খারাপও নই।”