Published : 14 Jul 2026, 05:29 PM
উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার কারণ অনুসন্ধানে নেমে, বিস্ময়কর এক তথ্য পেয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তাদের দলের প্রধান চিকিৎসক নাকি প্রশিক্ষিত ‘স্ত্রীরোগ বিশেষজ্ঞ।’
দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি আবাদুল্লায়ে ফাল সংবাদ সম্মেলনে, এই তথ্য দেওয়ার পাশাপাশি বলেছেন, চিকিৎসকের কাজ থেকে প্রয়োজনীয় সেবা পাননি ফুটবলাররা।
“প্রাপ্ত মতামতের ভিত্তিতে এটা বলা যায় যে, খেলোয়াড়রা তার কাছ থেকে পাওয়া সাহায্যের উপর তেমন একটা আস্থা রাখতে পারেনি। দলকে আশ্বস্ত করার জন্য ফেডারেশন বাড়তি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়। আমাদের নির্ভরযোগ্য বিশেষজ্ঞ খুঁজে বের করতে হয়, যেন খোলোয়াড়রা আশ্বস্ত বোধ করে। কারণ, সবকিছুর আগে স্বাস্থ্য।”
সেনেগালের ক্রীড়া চিকিৎসদের সংগঠন এক বিবৃতিতে, ফুটবল ফেডারেশন সভাপতির অভিযোগ ‘ভিত্তিহীন ও মানহানিকর’ বলে মন্তব্য করেছে। তারা বলেছে, শেক আন্তা দিয়ুপ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে ক্রীড়া চিকিৎসা ও ক্রীড়া জীববিজ্ঞানে বিশেষজ্ঞ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন আব্দেররাহমান ফেদিওর।
তিনি ফান হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধা ছিলেন। ২০১৭ সাল থেকে সেনেগাল দলের চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকা কাপ অব নেশন্সে দলের সঙ্গে ছিলেন।
তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউট পর্বে উঠে আসা সেনেগাল। দারুণ লড়াইয়ের পর শেষ বত্রিশে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় তারা।