Published : 15 Jul 2026, 08:50 PM
আসরের আগের রাউন্ডগুলোয় অপ্রতিরোধ্য ফ্রান্সকে সেমি-ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে দমিয়ে রাখে স্পেন, তাতে মুগ্ধ জ্লাতান ইব্রাহিমোভিচ। বিশেষ করে মিডফিল্ডার রদ্রির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ব্যালন দ’র জয়ী তারকা যেভাবে ফরাসি আক্রমণ প্রতিহত করেছেন এবং পাল্টা আক্রমণের সূচনা করেছেন, তা খুবই ভালো লেগেছে সাবেক সুইডিশ স্ট্রাইকারের।
ডালাসে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে কোনো পাত্তাই দেয়নি স্পেন। ২-০ গোলের জয়ে ফাইনালে জায়গা করে নেয় লুইস দে লা ফুয়েন্তের দল।
কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলেদের নিয়ে গড়া ফ্রান্সের ভয়ঙ্কর আক্রমণভাগ স্পেনের বিপক্ষে একরকম ভোঁতা হয়ে ছিল। স্প্যানিশদের ছন্দময় পাসিং ফুটবলের জবাব খুঁজে পেতে হিমশিম খেয়েছে ফরাসিরা। সামগ্রিকভাবে ফুটবলেরই জয় হয়েছে বলে করেন ইব্রাহিমোভিচ।
বিশ্বকাপে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ইব্রাহিমোভিচ ম্যাচের পর ফক্স স্পোর্টসে প্রশংসায় ভাসান রদ্রিকে।
“আমাকে বলতেই হচ্ছে, রদ্রি মাঠ জুড়ে ছিল। কী দারুণ একটা ম্যাচ, কী দারুণ একজন খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড়, যে খুব বেশি প্রশংসা পায় না; কিন্তু এই ম্যাচে সে সবখানে ছিল। সে ছিল এককথায় অসাধারণ। আজ (মঙ্গলবার) ফুটবলের জয় হয়েছে।
“প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল। তারা প্রাণবন্ত ছিল, সক্রিয় ছিল। এটাই তারা চেয়েছিল। তারা বাড়তি দৌড়েছে। বল দখলের প্রতিটা লড়াই তারা জিততে চেয়েছে। যখন তারা আক্রমণ করছিল, তারা ছিল আত্মবিশ্বাসী। তাদের প্রতিটি পাসেই বোঝা যাচ্ছিল, যেন বলতে চাইছে, ‘আমরা এটাই চাই’। আর ফ্রান্সের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক উল্টো।”
আগামী রোববার নিউ জার্সির ফাইনালে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।