ইটভাটা বন্ধ না করে দূষণ কমানোয় দৃষ্টি দিতে হবে: পরিবেশমন্ত্রী
“ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না,” বলেন মন্ত্রী।
ইটের বিকল্প এখনো পুরোপুরি তৈরি না হওয়ায় এখনই ইটভাটা বন্ধের পক্ষে নন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, “ইটভাটা বন্ধ না করে কীভাবে ইটভাটা থেকে সৃষ্ট দূষণ কমানো যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ কমাতে হবে।”
বুধবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার না করার নির্দেশনাও দেন মন্ত্রী। মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব কথা তুলে ধরা হয়।
তিনি বলেন, “ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না। ইট বানাতে জমির উপরিভাগের মাটি ব্যবহার করা হলে জমির উর্বরতা নষ্ট হয়। এর ফলে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। এর বিকল্প ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে।”
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “অবৈধ ইট ভাটার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। উচ্চ মাত্রার সালফার সমৃদ্ধ কয়লা ইট ভাটায় ব্যবহারের ফলে পরিবেশ দূষিত করে।”
তাই কয়লা ব্যবহারের ক্ষেত্রে এর গুণগত মানের নীতিমালা করা জরুরি বলে মনেও করেন তিনি।
পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. লুৎফর রহমান, বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং অনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান সভায় উপস্থিত ছিলেন।
