Published : 15 Jul 2026, 09:26 PM
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াতে ইসলামী সমর্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একযোগে পদত্যাগ করেছেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার দুপুরের দিকে তারা এসে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালিক বলেন, “বর্তমান সরকার কর্তৃক গণভোটের রায়, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদস্বরূপ সবাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।”
পদত্যাগকারীরা তাদের আবেদনেও একই বিষয়ের কথা বলেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- অতিরিক্ত পিপি মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত জিপি মোহাম্মদ নাজমুল হুদা।
এপিপি পদ থেকে পদত্যাগী ১৫ জন হলেন- মো. রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মো. মোজাম্মিল আলী, মো. রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিকুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, মো. আব্দুল গফ্ফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম ও মোস্তাফিজুর রহমান।