Published : 18 Jun 2026, 02:03 PM
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও বিচলিত নন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে পারফরম্যান্সের পর ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দেসদের আত্মসমালোচনা করতে বললেন তিনি।
ডিআর কঙ্গোর বিপক্ষে বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। এতে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না মার্তিনেস। কোচ মনে করেন, খেলোয়াড়দের জন্য এখন ম্যাচ বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে শিক্ষা নিয়ে তাদের এগিয়ে যাওয়া উচিত।
প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জেতা স্পেন ও আর্জেন্টিনার উদাহারণ সামনে এনেছেন তিনি। ওই দলগুলোর মতোই পরের ম্যাচে স্বরূপে ফেরার লক্ষ্য মার্তিনেসের।
“আমাদের উন্নতি করতে হবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে। এখনো আমাদের দায়িত্ব আছে। আমি মনে করি, ম্যাচ পর্যালোচনা করতে হবে, নিজের আত্মসমালোচনা করতে হবে এবং এটাই শেষ কথা… বিশ্বকাপ এমনই হয়। আমাদের কাজ চালিয়ে যেতে হবে।”
“তবে সবচেয়ে বড় ব্যাপার, আমি দেখেছি এই ম্যাচে খেলোয়াড়দের মনোভাব ছিল অসাধারণ। নিজেদের কাজের উপর আমার আস্থা আছে।”
টুর্নামেন্টের ফেভারিট দলের একটি পর্তুগাল এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। এরপর আর যেন ছন্দই খুঁজে পায়নি তারা। পরের সময়টুকুতে আর একটা শটও রাখতে পারেনি লক্ষ্যে। ৭০ শতাংশ সময় বল দখলে রাখলেও রোনালদোসহ তারকা সমৃদ্ধ দলটির আক্রমণে ছিল না ধার। বরং আলো ছড়ায় ৫২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো।
আগামী মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে পর্তুগাল।