Published : 09 Jun 2026, 01:58 PM
ইতিহাস গড়ার দুয়ারে ছিলেন ওমার আব্দুলকাদির আর্তান। সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে দায়িত্ব পালনের খুব কাছে ছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধায় তার সেই স্বপ্ন ভেঙে গেছে। বৈশ্বিক আসরের অফিসিয়ালদের তালিকা থেকেই বাদ পড়েছেন আফ্রিকার বর্ষসেরা রেফারি।
গত সপ্তাহান্তে ৩৪ বছর বয়সী আর্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এখন তুরস্কে আছেন ২০২৫ সালের কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) বর্ষসেরা রেফারি।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে অংশ নিতে পারবেন না আর্তান।
“ফিফা নিশ্চিত করছে যে, যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না পাওয়ায় ম্যাচ অফিসিয়াল ওমার আব্দুলকাদির আর্তান ২০২৬ ফিফা বিশ্বকাপে অনুশীলন ও ম্যাচ পরিচালনা করতে পারবেন না।”
“ভিসা অনুমোদনসহ আয়োজক দেশের অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে ফিফা যুক্ত নয়। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এই মুহূর্তে আর্তানকে নিয়ে সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হবে না। ফিফার আগের আসরগুলোর মতোই, শেষ পর্যন্ত একটি আয়োজক দেশের সরকারই নির্ধারণ করে, কে ভিসা পাবে এবং কাকে তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”
কী কারণে আর্তানকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আফ্রিকান রেফারিকে রুটিনমাফিক অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।
বিশ্বকাপের আগে ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অভিবাসন নীতি বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। গত বছর সোমালিয়াসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন।
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা বিবিসিকে বলেন, বৈধ নথিপত্র নিয়েই ভ্রমণ করছিলেন আর্তান। নাইরোবিতে অবস্থিত সোমালিয়ান দূতাবাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, এর আগে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ার পর ভ্রমণ সহজ করার লক্ষ্যেই আর্তানকে বিশেষভাবে কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয়েছিল।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার জন্য ফিফার ৫২ জন রেফারির একজন ছিলেন আর্তান।
সোমালিয়ার ন্যাশনাল ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচ অফিসিয়াল আর্তান ২০১৮ সালে ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পান। এর আগে আফ্রিকা কাপ অব নেশন্সেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।