Published : 11 Jun 2026, 06:51 PM
উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর দিন দলে জোড়া পরিবর্তন আনতে বাধ্য হয়েছে মরক্কো। পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তাদের শুরুর একাদশের দুই খেলোয়াড় নায়েফ আগুর্দ ও আব্দে এজজাজুলি।
এই দুইজনের জায়গায় ফরোয়ার্ড আমিন এসেবাই ও ডিফেন্ডার মারওয়ানে সাদানেকে দলে যোগ করার কথা বৃহস্পতিবার জানিয়েছে মরক্কোর ফুটবল ফেডারেশন।
কুঁচকির চোটে গত মার্চের শুরু থেকেই মাঠের বাইরে ৩০ বছর বয়সী আগুর্দ। অস্ত্রোপচার করিয়ে সেরে ওঠার পথে ছিলেন তিনি। কিন্তু এপ্রিলে নতুন সমস্যায় পড়েন। তার পিউবিক হাড়ে ফাটল ধরা পড়ে।
মার্সেইয়ের এই ডিফেন্ডারকে তবুও বিশ্বকাপ দলে রেখেছিলেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। সময়মতো সেরে উঠবেন আগুর্দ, আশায় ছিলেন তিনি। কিন্তু পুরোপুরি প্রস্তুত না হওয়ায় শেষ পর্যন্ত আগুর্দের বদলি নিতে বাধ্য হলেন কোচ।
গত রোববার নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হন ২৪ বছর বয়সী এজজাজুলি। প্রতিপক্ষের একটি কর্নার কিকের সময় সতীর্থ চাদি রিয়াদ দুর্ঘটনাবশত তার ডান হাঁটুর ওপর পড়েন।
চোট পাওয়ার পরও রেয়াল বেতিস লেফট-উইঙ্গার খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই মাঠ ছেড়ে যেতে হয় তাকে। তখনই তার বিশ্বকাপে খেলা নিয়ে জাগতে শুরু করে শঙ্কা। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন তিনি।
কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল খেলার কীর্তি গড়ে মরক্কো। ইতিহাস গড়া সেই দলের সদস্য ছিলেন আগুর্দ ও এজজাজুলি। আর গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল খেলা দলেও ছিলেন তারা।
২০১৫ সালে মরক্কোর সিনিয়র দলে অভিষেক হয় সাদানের। কিন্তু দলে নিয়মিত হতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার। আর ২৫ বছর বয়সী এসেবাইয়ের অভিষেক গত মাসের শেষ দিকে, বুরুন্ডির বিপক্ষে।
যুক্তরাষ্ট্রে দলের সঙ্গেই আছেন সাদানে ও এসেবাই। তাদেরকে ব্যাকআপ হিসেবে আগে থেকে সঙ্গে রেখেছিল মরক্কো। নরওয়ের বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া প্রীতি ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন সাদানে। বদলি তালিকায় ছিলেন এসেবাইও।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী রোববার বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।