৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ, খবর ইএসপিএনক্রিকইনফোর
আগামী বছরের বৈশ্বিক আসরের ৫৪ ম্যাচের অন্তত ৪১টি হতে পারে দক্ষিণ আফ্রিকায়।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত হতে পারে টুর্নামেন্টটি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গত মাসের আইসিসি বোর্ড সভায় এই সময়সীমার ব্যাপারে সম্মতি জানানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে জুলাইয়ে অনুষ্ঠেয় বার্ষিক সভায়।
আফ্রিকা অঞ্চলের তিনটি দেশে হবে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ম্যাচ। ধারণা করা হচ্ছে, ৫৪ ম্যাচের অন্তত ৪১টিই হবে সেখানে। আট থেকে দশটি ম্যাচ হতে পারে জিম্বাবুয়েতে। আর বাকিগুলো নামিবিয়ায়।
জিম্বাবুয়ে তিনটি ভেন্যুতে আয়োজন করতে পারে ম্যাচগুলো। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে খেলা হতে পারে ভিক্টোরিয়া ফলসেও।
২৩ বছর পর ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকায় ফিরছে। ২০০৩ আসরটি হয়েছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায়।
পরে দক্ষিণ আফ্রিকা অবশ্য ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল। আর গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়া মেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে।
ওয়ানডে বিশ্বকাপের গত দুই আসর হয়েছিল ১০ দল নিয়ে। ২০২৭ সালের বিশ্বকাপ ফিরছে ১৪ দলে। দলগুলোকে সাতটি করে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে সুপার সিক্সে।
আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে। তবে নামিবিয়াকে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসতে হবে।
