Published : 16 Jun 2026, 08:07 PM
বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ফিফার বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়মটি মোটেও পছন্দ হচ্ছে না ভার্জিল ফন ডাইকের। এটাকে টিভিতে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের অজুহাত হিসেবে দেখছেন নেদারল্যান্ডস অধিনায়ক। তার মতে, আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে এই বিরতি দেওয়া উচিত।
এবারের বিশ্বকাপে ম্যাচের দুই অর্ধেই পানি পানের বিরতির নিয়ম করেছে ফিফা। প্রতি অর্ধের মাঝে তিন মিনিটের এই সময়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করার সুযোগ পানও পান কোচিং স্টাফের সদস্যরা।
ডালাসে গত রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নেদারল্যান্ডস। ওই লড়াইয়ের পর ফিফার নতুন নিয়মটি নেতিবাচক মন্তব্য করেন ডিফেন্ডার ফন ডাইক।
“হাইড্রেশন ব্রেক বেশ মজার। প্রতিবার (টিভিতে) বিজ্ঞাপন প্রচার করাটা...আমার এটা ঠিক পছন্দ নয়। আমার মনে হয়, টিভিতে খেলা দেখা সাধারণ দর্শকদের কাছেও এটা ভালো লাগছে না।”
তাপমাত্রা নিয়ন্ত্রিত ইনডোর স্টেডিয়ামেও ম্যাচ চলাকালীন বাধ্যতামূলক পানি পানের বিরতি দেওয়াটা বেশ সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেরই অভিযোগ, সম্প্রচারকারী চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিতেই এই বিরতি ব্যবহার করা হচ্ছে।
জাপানের বিপক্ষে সেদিন ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। পরে সমতা টানেন নাকামুরা। দ্বিতীয়ার্ধে সামারভিলের গোলে আবার এগিয়ে যায় ডাচরা। তার কিছুক্ষণ পরই দেওয়া হয় পানি পানের বিরতি।
ফের খেলা শুরু হলে প্রথম ২০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে জালে বল পাঠিয়ে জাপানকে উল্লাসে মাতান দাইচি কামাদা।
জাপান-নেদারল্যান্ডসের ম্যাচটি হয়েছিল টেক্সাসের আর্লিংটনের ছাদ ঢাকা স্টেডিয়ামে। শীতাতপ নিয়ন্ত্রিত এমন মাঠে পানি পানের বিরতির প্রয়োজনীয়তা দেখেন না ফন ডাইক।
“যদি সত্যিই গরম থাকে, তাহলে অবশ্যই এটা (পানি পানের) দেওয়া ভালো। আমার মতে, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে আমার মনে হয়, এরই মধ্যে অনেক বেশি বলে ফেলেছি।”
আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ডাচরা।