Published : 21 Jul 2026, 09:58 AM
গোপালগঞ্জ সদরে একটি আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়।
সোমবার বিকালে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউসে’ এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
জেল-জরিমানা পাওয়াদের মধ্যে তানিয়া আক্তারকে (২২) চল্লিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, শীলা আক্তারকে (১৮) পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, শরীফুল ইসলামকে (১৮) পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, প্রীতিকে (১৮) ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, শহীদ মাহমুদকে (৩১) বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মারিয়াকে (১৮) পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মুরসালিন শেখকে (২২) পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, লিজা আক্তারকে (২৮) ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, কাদের চৌধুরীকে (৩৬) বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মাহমুদ ফকিরকে (১৯) সাত দিনের কারাদণ্ড এবং হোটেলের ব্যবস্থাপক সিজান ফকিরকে (১৯) এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় বলেন, “গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় হোটেল থেকে নারীসহ ১১ জনকে আটক করা হয়।
“পরে আটকদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া গেস্ট হাউজটি সিলগালা করে দেওয়া হয়।”
২০২৫ সালের নভেম্বরে একই গেস্ট হাউজে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।