Published : 17 Jul 2026, 04:36 PM
বিশ্বকাপ ফাইনালে দুই দলের স্কোয়াডের মোট ৫২ ফুটবলারের মধ্যে ২৪ জন খেলেন স্প্যানিশ লা লিগার বিভিন্ন ক্লাবে! স্পেন দলের ১৭ জনের পাশাপাশি আর্জেন্টিনার ৭ ফুটবলার আছেন এই লিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ ফুটবলার খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে।
বিশ্বকাপের প্রতি আসরের আগেই আলোচনা হয়, কোন ক্লাব বা লিগের প্রতিনিধিত্ব বেশি। এবার ফাইনালের আগে এর ব্যতিক্রম হয়নি। আলোচনা হচ্ছে কোন লিগ বা ক্লাবের খেলোয়াড় সবচেয়ে বেশি, তা নিয়ে।
লা লিগায় খেলা এই ২৪ ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ৯ জনের ঠিকানা আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ ফুটবলার খেলেন স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায়। বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের স্কোয়াডে গত মৌসুমে রেয়াল মাদ্রিদে খেলেছেন এমন কেউ নেই। বিশ্বকাপের মাঝপথে তারা চেলসি থেকে যোগ করে মার্ক কুকুরেইয়াকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ফুটবলার আছেন। ফরাসি লিগ আঁর ৫ ফুটবলার আছেন বিশ্বকাপ ফাইনালে। ইতালিয়ান সেরি আ, জার্মান বুন্ডেসলিগা, যুক্তরাষ্ট্রের এমএলএস ও আর্জেন্টিনার লিগা প্রফেশনালের দুইজন করে ফুটবলার আছেন ফাইনালের স্কোয়াডে। এছাড়া পর্তুগালের প্রিমেইরা লিগা ও ব্রাজিলের সেরি আ লিগের আছেন একজন করে।
এর আগে সবশেষ বিশ্বকাপের ফাইনালে কোনো একক লিগের এমন আধিপত্য দেখা গিয়েছিল ২০০৬ সালে। সেবার ইতালি-ফ্রান্স ফাইনালে ছিল ইতালিয়ান সেরি আ লিগের আধিপত্য।
এবারের আসরে সেমি-ফাইনালে চার দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার। স্পেন ও আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিতের পর এখন এককভাবে শীর্ষে আছে লা লিগা।
লা লিগার এই আধিপত্য শুধু স্কোয়াড আর ফুটবলার সংখ্যাতেই সীমাবদ্ধ না। মাঠেও আছে এই প্রভাব। দুই সেমি-ফাইনালে চার দলের শুরুর একাদশে থাকা মোট ৪৪ ফুটবলারের ১৬ জন ছিলেন লা লিগার। আর দুই সেমি-ফাইনালে হওয়া পাঁচ গোলের দুটি এসেছে লা লিগায় খেলে এমন ফুটবলারের পা থেকে।