Published : 15 Jun 2026, 10:02 PM
বিশ্বকাপ শুরুর আগেই দলের অভিজ্ঞ তিন জনকে হারানো জাপান এবার দুর্ভাবনায় পড়েছে গুরুত্বপূর্ণ আরেকজনকে নিয়ে। আসরের উদ্বোধনী ম্যাচে খেলার সময় চোট পেয়েছেন তাদের মিডফিল্ডার তাকেফুসা কুবো।
ডালাসে রোববার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নেদারল্যান্ডসকে রুখে দেয় জাপান। ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
এদিন জাপানের প্রথম গোলে অবদান রাখেন স্প্যানিশ ক্লাব রেয়াল সোসিয়েদাদের ২৫ বছর বয়সী ফুটবলার কুবো। ৫৭তম মিনিটে তার কাটব্যাক থেকেই ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে জাল খুঁজে নেন নাকামুরা।
দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ডাচ রাইট-ব্যাক ডেনজেল ডামফ্রিজের সঙ্গে সংঘর্ষ হয় দারুণ খেলতে থাকা কুবোর। ৭৫তম মিনিটে বাঁ হাঁটুর ব্যাথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে হুইল চেয়ারে বসে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় তাকে।
যদিও নিজের চোটকে গুরুতর মনে করছেন না কুবো। ম্যাচ শেষে স্প্যানিশ এক টিভিতে তিনি বলেন, “আমার মনে হয়, আমি ঠিক আছি। তবে দেখা যাক, পরিস্থিতি কোন দিকে যায়।”
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কুবোর চোট নিয়ে তেমন কোনো তথ্য দিতে পারেননি জাপান কোচ হাজিমে মরিয়াসুও।
“এখনও চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত কোনো রিপোর্ট পাইনি। সে হেঁটেই মাঠ ছেড়েছিল, তাই আশা করছি, এটা সামান্য আঘাত হবে। এই মুহূর্তে তেমন কিছু জানি না।”
বাংলাদেশ সময় আগামী রোববার সকালে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে জাপান। পরের ম্যাচের জন্য ফিট হয়ে উঠতে ছয় দিন সময় পাচ্ছেন কুবো। শেষ পর্যন্ত যদি ছিটকে যান তিনি, তাহলে সেটা বড় ধাক্কা হয়ে আসবে জাপানের জন্য।
বিশ্বকাপে এমনিতেই অভিজ্ঞ তিন মিডফিল্ডার কাউরু মিতোমা, তাকুমি মিনামিনো ও ওয়াতারু এন্দোকে পাচ্ছে না জাপান।
পেশির চোটে ভুগছেন ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মিতোমা আর মোনাকোর মিনামিনোর লিগামেন্ট ছিঁড়ে গেছে।
অ্যাঙ্কেলে চোট থাকলেও বিশ্বকাপ দলে লিভারপুলের এন্দোকে রেখেছিলেন জাপান কোচ মরিয়াসু। কিন্তু সময়মতো সেরে উঠতে না পারায় বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নেন জাপান অধিনায়ক। পরে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে নেন তিনি।