০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এসি মিলানের হাল ধরলেন হুবেন অ্যামুরি

কঠিন একটি মৌসুম পার করা এসি মিলান কর্তৃপক্ষ দলের দায়িত্ব তুলে দিয়েছে এই পর্তুগিজ কোচের হাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 01:18 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

এসি মিলানের গত মৌসুমটা ভালো কাটেনি মোটেও। সেরি আয় লিগ টেবিলে পঞ্চম স্থানে থেকে শেষ করে তারা। নতুন মৌসুমে দলটি পথচলা শুরু করবে হুবেন অ্যামুরির হাত ধরে।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক কোচ দুই বছরের চুক্তিতে মিলানের হাল ধরেছেন বলে জানিয়েছে ইতালির গণমাধ্যম। গত মৌসুমের ব্যর্থতায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে ছাঁটাই করে দেওয়ার পর, ৪১ বছর বয়সী এই পর্তুগিজ কোচকে নিয়োগ দিল মিলান।

ক্লাবের মালিক কার্দিনালের নাকি ভীষণ মনে ধরেছে অ্যামুরিকে। তার আক্রমণাত্মক ফুটবলের ধরন এবং উন্নয়ন প্রক্রিয়া ক্লাবের পরিকল্পনার সাথে মানানসই বলে মনে করেন কার্দিনাল।

চুক্তির বিষয়ে অবশ্য বিস্তারিত জানায়নি কোনো পক্ষ। অ্যামুরি এক বিবৃতিতে জানিয়েছেন, মিলানে কাজ শুরু করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তিনি।

“এই ক্লাব কতটা তাৎপর্যপূর্ণ, আমি জানি: ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বজুড়ে অসাধারণ সমর্থক গোষ্ঠী আছে। এটা একটা চ্যালেঞ্জ এবং আমি গর্ব ও উৎসাহের সাথে এটা গ্রহণ করেছি এবং এই জার্সিটা রং কী প্রতিনিধিত্ব করে, সে বিষয়ে আমি পুরোপুরি সতেচন।”

“কাজ শুরু করতে এবং এসি মিলানে প্রতিদিন কাজ করার আবেগ অনুভব করতে, এর অভিজ্ঞতা নিতে তর সইছে না আমার।”

ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪ মাস মোটেও ভালো কাটেনি অ্যামুরির। দলকে কক্ষপথে ফেরাতে সংগ্রাম করেও ব্যর্থ হন তিনি। এখন নতুন চ্যালেঞ্জ তার সামনে।