Published : 17 Jun 2026, 01:21 PM
বিশ্বকাপে উড়ন্ত সূচনা পাওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসছে দীর্ঘ দিন ধরে বড় টুর্নামেন্টে সাফল্যের খোঁজে থাকা জার্মান সমর্থকরা। তবে কুরাসাওকে উড়িয়ে মাটিতেই পা রাখছেন দলটির অধিনায়ক জশুয়া কিমিখ। আসলে তাদের অবস্থান কোথায়, সেটা বুঝতে গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি।
গত রোববার নবাগত কুরাসাওকে গোল বন্যায় ভাসায় জার্মানি। একপেশে লড়াইয়ে ৭-১ গোলের বিশাল জয় উপহার দেয় তারা। ২০১৪ আসরের সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর পর, এই প্রথম বিশ্বকাপের ম্যাচে সাত গোল করেছে জার্মানরা।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ কোত দি ভোয়া, যারা একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। পরে ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে জার্মানি।
নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও এবারের আসরের ফেভারিটদের একটি স্পেন। সৌদি আরবের বিপক্ষে হারের মুখ থেকে সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরুতে না পারা জার্মানির এবার শুরুটা ভালো হওয়ায়, তাদেরকে নিয়ে প্রত্যাশাও বেড়ে গেছে অনেক। তবে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অবস্থান যাচাই করতে একরকম মানাই করেছেন কিমিখ।
“আমাদের জয়টা প্রত্যাশিতই ছিল, তবে যেভাবে এটা এসেছে, তা ছিল খুবই দাপুটে। তবে আমরা দেখেছি, এই টুর্নামেন্টে এত বড় ব্যবধানের জয় প্রত্যাশিত নয়। (পরের) দুই প্রতিপক্ষই (কোত দি ভোয়া ও একুয়েডর) শারীরিকভাবে খুবই শক্তিশালী। তারা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে।”
“আমরা প্রথম ম্যাচে এমন এক দলের বিপক্ষে খেলেছি, যারা নিশ্চিতভাবেই বিশ্ব মানের নয়। এখন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হব, যেখানে আমরা বুঝতে পারব, আমাদের অবস্থান কোথায়। প্রতিপক্ষকে ঘায়েল করার মতো মান আমাদের আছে। আমাদের স্থিতিশীলতা নিয়ে কাজ করতে হবে, ছোট দলের বিপক্ষেও গোল হজমের প্রবণতা কমাতে হবে।”
জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক কোচ ইওয়াখিম লো এক জার্মান স্পোর্টস শো-তে মন্তব্য করেছেন, বর্তমান দলটির যথেষ্ট মান থাকলেও, শিরোপা জেতার জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতার অভাব রয়েছে এখনো। কিমিখ অবশ্য নিজেদের সঠিক পথেই দেখছেন।
“আগে পরের দুই ম্যাচ খেলি, তারপর বিশেষজ্ঞরা মূল্যায়ন করতে পারবেন, আমরা আসলে কোথায় আছি। আমরা টানা ১০টি ম্যাচ জিতেছি, আমার মনে হচ্ছে, আমরা সঠিক পথেই আছি।”