Published : 15 Jul 2026, 02:08 PM
খুলে রাখার উপযোগী বাড়তি রঙিন এলসিডি ডিসপ্লে ব্যবহারের সুবিধাসহ নতুন দ্বৈত স্ক্রিনের অ্যানড্রয়েড ফোন বাজারে আনছে চীনা প্রযুক্তি কোম্পানি হাইসেন্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও চীনের ওয়েইবোতে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনের বরাতে উঠে এসেছে, ‘হাইসেন্স এ১০’ নামের এ মডেলটিতে থাকবে ৬.১৩ ইঞ্চির প্রধান ‘ই-ইঙ্ক’ টাচস্ক্রিন ডিসপ্লে।
https://x.com/rockleaks/status/2076359460512207160
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এ ডিসপ্লেটি দেখতে ও ব্যবহারে হবে একদম কাগজের মতো, যা অ্যামাজনের ‘কিন্ডল স্ক্রাইব’-এর মতো ই-রিডারগুলোর কথা মনে করিয়ে দেবে। বই পড়া ও নোট নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীরা এতে দারুণ অভিজ্ঞতা পাবেন।
অন্যদিকে, এ ফোনের পেছনে থাকা রঙিন এলসিডি স্ক্রিনটি চৌম্বকীয় বা ম্যাগনেটিক প্রযুক্তির সাহায্যে ফোনের পেছনে যোগ থাকবে, যা প্রয়োজন অনুসারে যে কোনো সময় খুলে রাখা যাবে।
ক্রেতারা চাইলে পেছনের এ অতিরিক্ত ডিসপ্লেটি ছাড়াই কেবল মূল ডিভাইসটি কিনতে পারবেন। ফোনটিতে ফাইভ-জি নেটওয়ার্কের পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে ‘অ্যানড্রয়েড ১৬’ থাকতে পারে।
দুই স্ক্রিনের ফোনের ধারণা বাজারে এবারই প্রথম নয়। চীনের আরেকটি প্রযুক্তি ব্র্যান্ড ‘বিগমি’ সম্প্রতি নিজেদের ‘হাইব্রেক ডুয়াল ২’ মডেলের একটি ফোনের জন্য ক্রাউডফান্ডিং বা তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করেছে।
সেই ফোনটিতেও মূল স্ক্রিন হিসেবে ই-ইঙ্ক ও পেছনে একটি রঙিন এলসিডি স্ক্রিন রাখা হয়েছে। তবে বিগমি’র বিশেষত্ব হচ্ছে, এর মূল ই-ইঙ্ক স্ক্রিনটি গ্রাহক চাইলে সাদা-কালো বা রঙিন যে কোনো সংস্করণে বেছে নিতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক পোর্টাল ‘গুড ই-রিডার’-এর তথ্য অনুসারে, ‘হাইসেন্স এ১০’ ফোনটিতে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হতে পারে।
ফোনটির দাম হতে পারে প্রায় ৫৯০ ডলার। যেহেতু পেছনের এলসিডি স্ক্রিনটি আলাদাভাবে কেনার সুযোগ থাকছে, ফলে এ প্রাথমিক দামটি কেবল মূল ই-ইঙ্ক ডিসপ্লেওয়ালা ডিভাইসের জন্যই প্রযোজ্য হবে, অর্থাৎ পেছনের অতিরিক্ত এলসিডি স্ক্রিনটি পেতে হলে ক্রেতাদের পকেট থেকে আরও কিছু বাড়তি অর্থ গুনতে হবে।
বরাবরের মতোই হাইসেন্সের নতুন মডেলটি যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দ্বৈত ডিসপ্লে ও ই-ইঙ্ক প্রযুক্তির এই অভিনব ফোনটি কাউকে আকৃষ্ট করলে চীনের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে তা আমদানি করা যাবে।